২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিব্বতে সহিংসতার আশঙ্কা দালাই লামার, চীনের হঁশিয়ারি

তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামা আশঙ্কা করছেন, তিব্বতে যে কোনো মুহূর্তে সহিংসতা শুরু হতে পারে। নিজের নির্বাসনের ৫০ বছর এবং তিব্বতে প্রচণ্ড বিক্ষোভের এক বছরপূর্তির কয়েকদিন আগে তার এ মন্তব্যের পাশাপাশি চীন বিভিন্ন দেশের প্রতি দালাই লামাকে তাদের ভূখণ্ড ব্যবহার দেওয়ার ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2009, 01:01 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

বার্লিন, মার্চ ০৭ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স)- তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামা আশঙ্কা করছেন, তিব্বতে যে কোনো মুহূর্তে সহিংসতা শুরু হতে পারে। নিজের নির্বাসনের ৫০ বছর এবং তিব্বতে প্রচণ্ড বিক্ষোভের এক বছরপূর্তির কয়েকদিন আগে তার এ মন্তব্যের পাশাপাশি চীন বিভিন্ন দেশের প্রতি দালাই লামাকে তাদের ভূখণ্ড ব্যবহার দেওয়ার ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছে। জার্মানির ফ্রাঙ্কফুর্টার রুনডশাও পত্রিকার শুক্রবারের ওয়েবসাইটে বলা হয়, দালাই লামা তাদের বলেছেন, "আমি খুবই শঙ্কিত। অনেক চীনা নাগরিক অস্ত্র তুলে নিয়েছে এবং তারা সম্পূর্ণ প্রস্তুত। পরিস্থিতি খুবই উদ্বেগজনক। যে কোনো মুহূর্তে সংঘাত শুরু হয়ে যেতে পারে।" গত বছর তীব্বতে সহিংস বিক্ষোভের সময় ১৯ জন নিহত হয় বলে জানিয়েছিল চীনা কর্তৃপক্ষ। তবে প্রবাসী তিব্বতিরা দাবি করে নিহতের সংখ্যা অনেক বেশি এবং বিক্ষোভ দমন করতে চীন সরকার অসংখ্য মানুষকে গ্রেপ্তার ও নির্যাতন করে। চীনা কর্মকর্তারা এবং তিব্বতের গভর্নর জানিয়েছেন, দুটি বর্ষপূর্তির সময় বিক্ষোভ-সহিংসতা শুরু হয়ে যেতে পারে। দালাই লামা যাতে তিব্বতের স্বাধীনতা আদায়ের নানা কর্মকাণ্ডে বিভিন্ন দেশের ভূখণ্ড ব্যবহার করতে না পারেন সেজন্য দেশগুলোকে সতর্ক করে দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ঝেইচি বলেন, "চীনের সঙ্গে যে সমস্ত দেশের সুসম্পর্ক গড়ে উঠছে, তাদের উচিত হবে না দালাই লামাকে তাদের দেশ সফর করতে দেয়। এছাড়া তিব্বতের স্বাধীনতা আদায়ের উদ্দেশ্যে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডে দালাই লামা যাতে তাদের ভূখণ্ড ব্যবহার করতে না পারে সেটাও খেয়াল রাখতে হবে।" এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, "আমি মনে করি আন্তর্জাতিক সম্পর্কের নিয়ম-নীতির ক্ষেত্রে এটি একটি অবিচ্ছেদ্য অংশ।" ১৯৫৯ সালে চীনা শাসনের বিরুদ্ধে একটি ব্যর্থ অভ্যুত্থানের পর দালাই লামা ভারতে পালিয়ে যান। এরপর থেকে তিনি তিব্বতের সংখ্যাগুরু বৌদ্ধঅধ্যুষিত অঞ্চলে বৃহত্তর শায়ত্তশাসনের দাবি করে আসছেন। তবে চীন দালাই লামাকে বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী আখ্যা দিয়ে থাকে। বিডিনিউজ ২৪ ডটকম/এফএইচবি/এমএইচবি/১৮৫৩ ঘ.