ব্রাসেলস, মার্চ ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- আফগানিস্তানে বৃহত্তর সহযোগিতার আশায় রাশিয়ার সঙ্গে নতুন করে আনুষ্ঠানিক সম্পর্ক শুরু করতে বৃহস্পতিবার রাজি হয়েছে ন্যাটো। গত বছরর জর্জিয়ার সঙ্গে রাশিয়ার যুদ্ধের পর ন্যাটো মস্কোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল।
ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের এই সিদ্ধান্তকে রাশিয়া তাৎক্ষণিকভাবে স্বাগত জানিয়েছে। ন্যাটোয় মস্কোর দূত দিমিত্রি রগোজিন বলেন, "এই সিদ্ধান্ত ইতিবাচক।"
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আফগানিস্তানের স্থিতিশীলতা এবং নিরাপত্তার জন্য ন্যাটোর এই সিদ্ধান্ত গঠনমূলক।"
তবে তিনি জানান, আগামী এপ্রিলের ২ ও ৩ তারিখে অনুষ্ঠেয় ন্যাটো শীর্ষ সম্মেলনের পরই কেবল আনুষ্ঠানিকভাবে সম্পর্ক পুনর্প্রতিষ্ঠিত হবে।
রগোজিন বলেন, "আফগানিস্তানের জন্য রাশিয়ার ব্যস্ততা নেই, তবে ন্যাটোর এক্ষেত্রে দ্রুত অগ্রসর হওয়া উচিৎ এবং আমরা বিস্মিত যে, এমন গুরুত্বপূর্ণ একটি কাজ শুরুর জন্যও এক মাস অপেক্ষা করতে হবে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেন, "আফগান জনগণকে সহযোগিতাসহ যৌর্থ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমাদেরকে অবশ্যই রাশিয়ার সঙ্গে গঠনমূলকভাবে কাজ করার উপায় খুঁজে বের করতে হবে।"
ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের আগেই রাশিয়া জানিয়েছিল, আফগানিস্তানে অস্ত্র বাদে অন্য যে কোনো সামরিক সরবরাহ তাদের দেশের ওপর দিয়ে যেতে দেবে। ন্যাটো আশা করছে, ভবিষ্যতে এই সহযোগিতার ক্ষেত্র আরও বাড়বে।
বিডিনিউজ ২৪ ডটকম/এফএইচবি/এলকিউ/১৮১০ ঘ.
bdnews24