২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার সঙ্গে নতুন সম্পর্কের খোঁজে হিলারি

উদ্বেগের অবসান এবং আফগানিস্তান প্রশ্নে সহযোগিতার আশায় রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে শুক্রবার বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। বারাক ওবামা গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টে হিসেবে দায়িত্ব নেওয়ার পর দু'দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে এটাই প্রথম বৈঠক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2009, 11:50 AM

Updated : 26 Aug 2022, 11:09 AM

ব্রাসেলস, মার্চ ০৬ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স)- উদ্বেগের অবসান এবং আফগানিস্তান প্রশ্নে সহযোগিতার আশায় রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে শুক্রবার বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। বারাক ওবামা গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টে হিসেবে দায়িত্ব নেওয়ার পর দু'দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে এটাই প্রথম বৈঠক। জেনেভায় এই বৈঠক থেকে বড় কোনো সিদ্ধান্ত আশা করা হচ্ছে না। তবে স্নায়ুযুদ্ধের পর সাবেক বুশ সরকারের আমলে দু'দেশের সম্পর্কে যে অবনতি হয়েছিল তার উন্নতি হবে বলে আশা করছে ওবামা প্রশাসন। গত বছর জর্জিয়ার সঙ্গে রাশিয়ার যুদ্ধের পর মস্কোকে একঘরে করে ফেলার চেষ্টা করেছিল বুশ প্রশাসন। ন্যাটো রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্থগিত করে। গত বৃহস্পতিবার ব্রাসেলসে হিলারি সাংবাদিকদের বলেন, "রাশিয়ার সঙ্গে আলোচনায় বন্ধ করে আপনি তাদের শাস্তি দিতে পারেন বলে আমি মনে করি না।" তিনি বলেন, "আমি মনে করি দু'দেশের মধ্যে যে সমস্ত বিষয়ে মতপার্থক্য আছে তা অবসান করে, কোন কোন সম্ভাব্য ক্ষেত্রে একসঙ্গে কাজ করা যায় তা খুঁজে বের করার চেষ্টা করতে পারি।" সম্পর্কের নতুন অধ্যায় শুরু করার ইচ্ছা প্রকাশ করে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে ইতোমধ্যে পত্র বিনিময় করেছেন হিলারি। আফগানিস্তানে সামরিক অভিযানে বৃহত্তর সহযোগিতা পাওয়ার আশায় রাশিয়ার সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক শুরু করতে বৃহস্পতিবার রাজি হয়েছে ন্যাটো। ক্ষমতায় আসার পরপরই ওবামা প্রশাসন ঘোষণা দিয়েছে তারা রাশিয়ার সঙ্গে নতুন করে সম্পর্ক শুরু করতে চায়। আফগানিস্তান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ইরানের পারমাণবিক সমস্যাসহ বিভিন্ন বিষয়ে তারা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করতে আগ্রহী। এক্ষেত্রে ক্রেমলিনের কাছ থেকেও তারা ইতিবাচক সাড়া পেয়েছে। বিডিনিউজ ২৪ ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৪০ ঘ.