২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গান্ধীস্মারক কিনে নিলেন ভারতীয় ধনকুবের বিজয় মাল্য

ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর স্মৃতিবিজড়িত জিনিসগুলো নিউ ইয়র্কের নিলামে বৃহস্পতিবার ১৮ লাখ ডলারে কিনে নিলেন ভারতীয় ধনকুবের বিজয় মাল্য। গান্ধীস্মারকগুলো দেশকে দান করার কথা ভাবছেন এ ধনকুবের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2009, 07:30 AM

Updated : 26 Aug 2022, 11:09 AM

নিউ ইয়র্ক, মার্চ ৬ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স) - ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর স্মৃতিবিজড়িত জিনিসগুলো নিউ ইয়র্কের নিলামে বৃহস্পতিবার ১৮ লাখ ডলারে কিনে নিলেন ভারতীয় ধনকুবের বিজয় মাল্য। গান্ধীস্মারকগুলো দেশকে দান করার কথা ভাবছেন এ ধনকুবের। গান্ধীর চিরপরিচিত গোল ফ্রেমের চশমা, এক জোড়া চামড়ার চপ্পল, একটি পকেট ঘড়ি, একটি থালা-বাটি নিলামে ওঠায় ভারতীয়দের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। দাবি ওঠে জাতীয় ঐতিহ্যের স্মারক দেশে ফিরিয়ে এনে জাদুঘরে রাখার। এ প্রেক্ষিতে শেষ মুহূর্তে ওই নিলাম বাতিল করার কথাও ভেবেছিল আয়োজক নিলামকারী প্রতিষ্ঠান 'অ্যান্টিকোরাম অকশনিয়ারর্স'। তবে শেষ পর্যন্ত বৃহস্পতিবারের নিলাম অনুষ্ঠিত হলে ভারতের বিখ্যাত ইউবি গ্র"পের চেয়ারম্যান ধনকুবের বিজয় মাল্য সেসব কিনে নেন। তার পক্ষে নিলামে অংশ নেওয়া টনি বেদী একথা জানান। বিজয় মাল্য কিংফিশার এয়ারলাইনস এবং ইউনাইটের ব্রিয়ারিস এর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউবি গ্র"প এর প্রধান। এ গ্র"পটি বিখ্যাত কিংফিশার বিয়ার ব্র্যান্ডের মালিক। বেদী জানান, জনগণকে দেখার সুযোগ দিতে প্রিয় নেতার এ স্মারকগুলো ভারতে প্রদর্শনীর জন্য রাখা হবে। সাংবাদিকদের তিনি বলেন, "আমি নিশ্চিত যে গান্ধী স্মারকগুলো ঘরে ফিরে আসবে জেনে সব ভারতীয়রাই আনন্দিত হবে।" এর আগে গান্ধীর ব্যক্তিগত জিনিস যাতে হাতছাড়া হয়ে না যায় তার জন্য কয়েকদিন ধরে অ্যান্টিকোরামের সঙ্গে আলোচনা চালিয়েছে ভারত সরকার। দেশটির সংস্কৃতিমন্ত্রী অম্বিকা সোনি নয়াদিল্লিতে সাংবাদিকদের জানান, " মহাত্মা গান্ধীর এসব জিনিস যাতে নিলামের হাতুড়ির কবলে না পড়ে; কিংবা আর কী কী উপায়ে এসব দেশে ফিরিয়ে আনা যায় তার সবই করতে আমাদের সুষ্পষ্ট নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।" নিউ ইয়র্কে ভারতের কনসাল জেনারেল প্রভু দেওয়াল বুধবার বলেন, "তারা (অ্যান্টিকোরাম) যদি জিনিসগুলো দান করতে না চায় তবে সেগুলো ভারত সরকারের পক্ষ থেকে আমরা কিনে নেব বলে তাদের জানিয়েছি।" ভারতের পররাষ্ট্র দপ্তরও এক বিবৃতিতে জানিয়েছে, নিলামের আয়োজক প্রতিষ্ঠানটির সঙ্গে কয়েকদিন ধরেই ভারতের কনসাল অফিসের আলোচনা চলছে। তবে ওই জিনিসগুলোর বর্তমান মালিক বা নিলামকারীদের বিরত রাখতে ভারত সরকারের দেরিতে নেওয়া উদ্যোগ বিফলে যাবে এই আশঙ্কায় অনেক অনাবাসী ভারতীয়ও সেগুলো কিনে নেওয়ার চিন্তা করছিল বলে শোনা গিয়েছিল। ইন্ডিয়ান-আমেরিকান হোটেলব্যবসায়ী সন্ত সিং চ্যাটওয়াল বলেন, "যে কোন ভারতীয়রই এগুলো কিনে নিয়ে দেশে ফেরত পাঠানো উচিত। আমরা নিলামের দিকে নজর রাখব।" ভারতের একটি আদালত গত মঙ্গলবার নিলাম অনুষ্ঠানের ওপর স্থগিতাদেশ দেয়। তখন গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী বলেছিলেন, স্থগিতাদেশ দেওয়ায় সম্ভবত দেরি হয়ে গেল। নিউ ইয়র্কে এই আদেশ মানার বাধ্যবাধকতাও হয়ত নেই। তুষার বলেন, "আমাদের জাতির জনকের স্মৃতি এসব জিনিস। আমাদের অবশ্যই এসব ফেরত আনতে হবে।" তিনি জানান, মহাত্মা গান্ধীকে জেনিথ ঘড়িটি উপহার দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। আর বিক্রি হতে যাওয়া থালা ও বাটিতে তিনি শেষ আহারটি গ্রহণ করেছিলেন। তার বক্তব্য ছিল "সরকার সহজেই এসব নিদর্শন কিনে নিতে পারে। তবে সাধারণ মানুষের সহায়তায় কেনা হলে তা হবে অনেক বেশি গান্ধীবাদী উদ্যোগ।" বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স/এএমটি/১৩৩০ ঘ.