জেরুজালেম, মার্চ ০৩ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন মঙ্গলবার বলেছেন, ইসরায়েলের স্বার্থেই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা প্রয়োজন।
ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি উল্লেখ করে
হিলারি বলেন, "আমরা বিশ্বাস করি, ইসরায়েলের বৃহত্তর স্বার্থেই দ্বি-রাষ্ট্রিক সমাধানের দিকে অগ্রসর হওয়া দরকার।"
জেরুজালেমে ইসরায়েলি পররপাষ্ট্রমন্ত্রী জিপি লিভনির সঙ্গে যৌথসংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমরা বুঝতে পেরেছি, দ্বি-রাষ্ট্রিক সমাধানের পথে এগিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই।"
ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত অবসানে দুই-রাষ্ট্রের তত্ত্ব নিয়ে এগুচ্ছেন হিলারি । স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্র্রতিষ্ঠার এই কূটনৈতিক তৎপরতার ফলে ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী হতে যাওয়া বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ওয়াশিংটনের বিরোধ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।
মিসরে গাজা বিষয়ক দাতা সম্মেলনে যোগদান শেষে মঙ্গলবার জেরুজালেমে পৌঁছে ইসরায়েলি প্রেসিডেন্ট শিমন পেরেজের সঙ্গে বৈঠক করেন হিলারি। এরপর সাংবাদিকদের তিনি বলেন, "ইসরায়েল-ফিলিস্তিন সংকট অবসানে দ্বি-রাষ্ট্রিক সমাধানের চেষ্টায় কাজ করে যেতে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতি সমর্থনে প্রেসিডেন্ট ওবামা ও আমার অঙ্গীকারের বিষয়টি আমি দাতা সম্মেলনে জোর দিয়ে উল্লেখ করেছি।"
ইসরায়েলে নতুন সরকার গঠনের জন্য ডাক পাওয়া বেনইয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনে স্বনিয়ন্ত্রিত সরকারের পক্ষে কথা বললেও মধ্যপ্রাচ্য সংকট অবসানে দ্বি-রাষ্ট্রিক সমাধানের বিষয়ে সমর্থন দেবেন কি-না সে বিষয়টি এড়িয়ে যান। হিলারির সঙ্গে তারও বৈঠক হওয়ার কথা রয়েছে। ইসরায়েলের পাশাপাশি একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই দ্বি-রাষ্ট্রিক সমাধানের লক্ষ্য।
জেরুজালেমে পৌঁছে হিলারি ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রতিষ্ঠায় ওবামা প্রশাসনের প্রতিশ্র"তির বিষয়টি আবারও ব্যক্ত করেছেন।
হিলারির স্বামী বিল ক্লিনটন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকার সময় ফিলিস্তিন বিষয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে নেতানিয়াহু সংঘাতে জড়িয়ে পড়েছিলেন। ইসরায়েলে গত মাসে নির্বাচনের পর নেতানিয়াহুকে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন পেরেজ।
একটি ডানপন্থী সরকার গঠনের জন্য নেতানিয়াহুর পক্ষে নতুন পার্লামেন্ট সদস্যদের যথেষ্ট সমর্থন আছে, তবে তিনি একটি বৃহত্তর জোট সরকার গঠনের চেষ্টা করছেন যাতে মার্কিন প্রশাসনের সঙ্গে বিরোধের সম্ভাবনা কমে আসে।
ইসরায়েলের অধিকৃত গাজা উপত্যকায় ইহুদি বসতি স
bdnews24