নয়াদিল্লি, মার্চ ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - এপ্রিল মাসের ১৬ তারিখ থেকে মে মাসের ১৩ তারিখ পর্যন্ত ভারতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার নির্বাচন কমিশন এ ঘোষণা দিয়েছে।
বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশটিতে প্রায় ৭১ কোটি ৪০ লাখ লোক এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের যোগ্য বলে বিবেচিত হচ্ছেন।
প্রধান নির্বাচন কমিশনার এন গোপালাস্বামী সাংবাদিকদের জানিয়েছেন, পাঁচ ধাপে ভোটগ্রহণ করা হবে এবং ১৬ মে পর্যন্ত ভোট গণনা চলবে।
তিনি জানান, "নির্বাচনী সময়সূচি চূড়ান্ত করার ক্ষেত্রে স্কুলের পরীক্ষা...স্থানীয় ছুটিছাটা...উৎসব, ফসলকাটার মৌসুমসহ এ ধরনের অন্যান্য বিষয় বিবেচনা করা হয়েছে।"
নির্বাচনে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী শিবির হল ক্ষমতাসীন কংগ্রেস নেতৃত্বাধীন জোট এবং ডানপন্থী ভারতীয় জনতা পার্টি বা বিজেপি নেতৃত্বাধীন বিরোধী জোট।
তবে বিশ্লেষকরা বলছেন, একক ও সুস্পষ্টভাবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার মতো শক্তি নিয়ে এখন পর্যন্ত কোন দল আবির্ভুত হতে পারেনি। সেক্ষেত্রে সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে দলগুলোর মেরুকরণ কিংবা জোট গঠনে কয়েক সপ্তাহ এমনকি মাসও লেগে যেতে পারে।
এরকম হলে ছোট ছোট দলগুলোর 'থার্ড ফ্রন্ট' হিসেবে বিবেচিত শিথিল জোটও ক্ষমতায় চলে আসতে পারে বলছেন কোনো কোনো বিশ্লেষক। এদের মধ্যে বর্তমানে কংগ্রেস সরকারকে সমর্থন দেওয়া কমিউনিস্টদের নেতৃত্বাধীন জোটই সবচেয়ে শক্তিশালী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএইচবি/১৪০১ ঘ.
bdnews24