২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোনো অন্যায়ের কথা স্বীকার করেননি খেমাররুজ 'সমাজমন্ত্রী'

পলপটের খেমাররুজ শাসনামলে ক্যাম্বোডিয়ায় গণহত্যা ও ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার অভিযোগে বিচারের মুখোমুখি তৎকালীন 'সমাজমন্ত্রী' লেং থিরিথ বলেছেন তিনি কোনো অন্যায় করেননি এবং এসবে তার কোনো হাত ছিল না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2009, 12:17 PM

Updated : 26 Aug 2022, 11:06 AM

নম পেন, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পলপটের খেমাররুজ শাসনামলে ক্যাম্বোডিয়ায় গণহত্যা ও ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার অভিযোগে বিচারের মুখোমুখি তৎকালীন 'সমাজমন্ত্রী' লেং থিরিথ বলেছেন তিনি কোনো অন্যায় করেননি এবং এসবে তার কোনো হাত ছিল না। খেমাররুজ যুদ্ধাপরাধীদের বিচারের লক্ষ্যে জাতিসংঘের সহায়তায় গঠিত ক্যাম্বোডিয়ার যৌথ আন্তর্জাতিক আদালতের শুনানিতে পল পটের ভাইয়ের স্ত্রী ৭৬ বছর বয়সী থিরিথ মঙ্গলবার একথা বলেন। তিনি বলেন, মন্ত্রীর দায়িত্ব পালনকালে তিনি মানবিক বিষয়াবলীতে চীনা বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করছিলেন এবং অন্যান্য বিষয়ে তার কোনো সম্পৃক্ততা ছিল না। উগ্র-মাওবাদী খেমার রুজদের সমাজমন্ত্রী বলেন, তখন গৃহযুদ্ধবিধ্বস্ত দেশটিতে ধ্বংস হয়ে যাওয়া হাসপাতাল ইত্যাদি পুননির্মাণ কাজের দলগুলোকে দেখাশোনা করতেন তিনি। জামিনের শুনানিতে অংশ নিয়ে থিরিথ বলেন, "আমি জানি না কেন আমার মতো একজন ভাল মানুষকে এধরনের অপরাধে অভিযুক্ত করা হয়েছে।" তিনি বলেন, "আমি ভুলভাবে অভিযুক্ত হয়েছি। আমরা তখন ওষুধের কারখানাগুলোতে কঠোর পরিশ্রম করেছি। চারটি কারখানা ছিল এবং দু'জন চীনা বিশেষজ্ঞ আমাদের সহায়তা করছিল।" খেমাররুজ পররাষ্ট্রমন্ত্রী লেং সারি'র স্ত্রী থিরিথ ওইসব নৃশংসতা ও বর্বরতার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের দায়ী করেছেন। সুনির্দিষ্ট করে তিনি বলেন, পলপটের ডান হাত 'ব্রাদার নম্বর টু' নামে পরিচিত নুয়ান চিয়া ফ্রান্স, চেকোশ্লাভাকিয়া, এবং সোভিয়েত ইউনিয়নে স্নাতক হওয়া ক্যাম্বোডিয়ানদের হত্যার জন্য খেমাররুজদের প্রধান কারাকর্মকর্তা ডাচ'কে নির্দেশ দিয়েছিলেন। ১৯৭৫ থেকে ১৯৭৯ সালের মধ্যে ক্যাম্বোডিয়ায় খেমাররুজ শাসনামলে অনাহার, অতিশ্রম, রোগাক্রান্ত হয়ে কিংবা সরাসরি নির্যাতনের কারণে ১৭ লাখ ক্যাম্বোডীয়র মৃত্যুর জন্য নম পেনের কুখ্যাত 'এস- টোয়েন্টি ওয়ান' নিপীড়ন শিবিরের পরিচালনার দায়িত্বে থাকা নুয়ান চিয়া ও ডাচ এর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএইচবি/১৭৫০ ঘ.