মিয়ামি, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের গুয়ানতানামো বে সামরিক কারাগারটি বর্তমানে জেনেভা সনদের মানবাধিকার আচরণবিধি মেনেই পরিচালিত হচ্ছে। মার্কিন নৌবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা সোমবার এ দাবি করেছেন।
কিউবার গুয়ানতানামো উপসাগরে সামরিক কারাগারটিতে ১৩ দিনের পরিদর্শন শেষে ভাইস অ্যাডমিরাল প্যাট্রিক ওয়ালশ পেন্টাগনে এক ব্রিফিংয়ে বলেছেন, জেনেভা সনদের মানবাধিকার আচরণবিধি অনুসারে নিষ্ঠুর, রূঢ়, কিংবা অবমাননাকর কোনো আচরণ সেখানে করা হচ্ছে না।
ক্ষমতাগ্রহণের পরপরই প্রেসিডেন্ট বারাক ওবামার এক বছরের মধ্যে কারাগারটি বন্ধ করে দেওয়ার নির্দেশের পরিপ্রেক্ষিতে গুয়ানতানামো পরিস্থিতি পর্যালোচনার অংশ হিসেবে ওই ১৩ দিনের সফর করেন ওয়ালশ।
বিনাবিচারে আটকসহ বন্দি নির্যাতন এবং নিষ্ঠুর জিজ্ঞসাবাদ কৌশলের অভিযোগে যুক্তরাষ্ট্রের মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে খারাপ দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করা হয় গুয়ানতানামো কারাগারকে।
মার্কিন নৌবাহিনীর ওই কর্মকর্তা বলেন, তার প্রতিনিধি দল গুয়ানতানামোর ১০০ জন প্রহরী, জিজ্ঞাসাবাদকারী, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাহায্যকারী কর্মীসহ সন্ত্রাসবাদী সন্দেহে আাটক এক ডজনেরও বেশি বন্দির সঙ্গে কথা বলেছেন এবং তারা বর্তমান পরিস্থিতি সন্তোষজনক মনে করছেন।
তবে, নির্যাতিত হওয়ার অভিযোগ করেছেন গুয়ানতানামোর এমন সাবেক বন্দিদের সঙ্গে কথা বলার কিংবা গত সাত বছর ধরে কারাগারটি জেনেভা সনদ মেনে চলেছে কি না তার অনুসন্ধানের কোনো চেষ্টা তারা করেন নি বলেও জানান তিনি।
ওয়ালশ বলেন, "অতীত পর্যালোচনার মতো অবস্থায় নেই আমি।"
তিনি বলেন, "আমার দায়িত্ব হচ্ছে ক্যাম্পটি এখন আইন মেনে চলছে কি না তা পর্যালোচনা করা। এখন সেটি সেভাবেই চলছে।"
প্রতিনিধি দলটি গুয়ানতানামো কারাগার পরিচালনার জন্য বেশকিছু সুপারিশ করেছে বলেও তিনি জানান। এসবের মধ্যে রয়েছে এক কক্ষে নিঃসঙ্গভাবে বন্দি থাকা ব্যক্তিদের সবার সঙ্গে একত্রে খাবার খাওয়ার সুযোগ দেওয়াসহ সামাজিক ও মানসিক অন্যান্য সুযোগসুবিধা প্রদান করা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএইচবি/১৬৫২ ঘ.
bdnews24