২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোয়াতে তালেবানদের অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি ঘোষণা

পাকিস্তানের সোয়াত উপত্যকায় মঙ্গলবার অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি ঘোষণা করেছে তালেবান জঙ্গিরা। পাকিস্তানের সেনাবাহিনী সোয়াতে অভিযান বন্ধের ঘোষণা দেওয়ার একদিন পর তালেবানরা ওই ঘোষণা দিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2009, 09:27 AM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ইসলামাবাদ, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের সোয়াত উপত্যকায় মঙ্গলবার অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি ঘোষণা করেছে তালেবান জঙ্গিরা। পাকিস্তানের সেনাবাহিনী সোয়াতে অভিযান বন্ধের ঘোষণা দেওয়ার একদিন পর তালেবানরা ওই ঘোষণা দিল। সোয়াতে ইসলামিক শরিয়া আইন চালুর জন্য কর্তৃপক্ষের সঙ্গে চুক্তির পরিপ্রেক্ষিতে তালেবানরা অনির্দিষ্টকালের এ যুদ্ধবিরতি ঘোষণা করল। সোয়াতের জঙ্গিরা আগেই ১০ দিনের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছিল। আর এখন তারা সেটিকেই স্থায়ী যুদ্ধবিরতি হিসাবে ঘোষণা করল বলে জানিয়েছেন তালেবান মুখপাত্র মুসলিম খান। খান বলেন, "আমরা অনির্দিষ্টকালের যুদ্ধবিরতিতে রাজি হয়েছি।" এর আগে সোমবার সোয়াত উপত্যকায় তালেবান বিরোধী অভিযান বন্ধের ঘোষণা দেয় সেনাবাহিনী। ওদিকে, সোয়াতে শান্তি প্রতিষ্ঠার সুযোগ করে দিতে সেনাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার আহ্বান জানান এক ধর্মীয় নেতা। সেনা মুখপাত্র মেজর জেনারেল আতাহার আব্বাস রয়টার্সকে বলেন, "সেনা অভিযান বন্ধ করা হয়েছে।" তিনি বলেন, আরও বেশি নাগরিক হতাহতের ঘটনা ঘটলে সেনাবাহিনী সমর্থন হারাবে। সোয়াতকে শান্ত করার পাকিস্তানের এই কৌশলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা অস্বস্তি প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, এ পদক্ষেপের ফলে পাকিস্তানে আল-কায়েদা ও তালেবানদের আরেকটি স্বর্গরাজ্য গড়ে উঠতে পারে। তবে তালেবানদের নতুন করে যুদ্ধবিরতি ঘোষণায় তাদের আশঙ্কা দূর হতে পারে বলে মনে করা হচ্ছে। সোয়াতে ৪ টি সেনা ব্রিগেডের ১২ হাজার থেকে ১৬ হাজার সেনা উপস্থিতি সত্ত্বেও ওই অঞ্চল ছেড়ে পালাচ্ছে লাখ লাখ মানুষ। উপত্যাকাটির অধিকংশই নিয়ন্ত্রণ করছে তালেবানরা। জনসমর্থনের অভাবে সেনাবাহিনী ইতোমধ্যেই ওই এলাকায় অভিযান কমিয়ে দিয়েছে। তাছাড়া, জঙ্গি তৎপরতার মুখে স্থানীয় প্রশাসনে ভেঙে পড়ায় এবং পুলিশ অকার্যকর হয়ে পড়ার কারণেও অভিযান ব্যাহত হয়েছে বলে জানিয়েছেন আব্বাস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫২৪ ঘ.