জাতিসংঘ, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বেসামরিক লোকজনকে সরে আসার সুযোগ দেওয়ার জন্য শ্রীলংকায় সরকার এবং লিবারেশন টাইগারর্স অফ তামিল ইলম (এলটিটিই) এর মধ্যে যুদ্ধ বন্ধের জন্য সোমবার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
বান বলেন, "বেসামরিক প্রাণহানি এবং শ্রীলংকার সমাজের ধ্বংস আর না বাড়িয়ে এই সংঘাত অবিলম্বে বন্ধ করা অত্যন্ত জরুরি।"
গত কয়েক সপ্তাহে শ্রীলংকার সেনাবাহিনী তামিল টাইগারদের দমনাভিযানে ব্যাপক অগ্রগতি পেয়েছে এবং তাদেরকে উত্তরাঞ্চলের জঙ্গলের মাত্র ৮৭ বর্গকিলোমিটার এলাকায় ঘিরে রেখেছে বলে দাবি করেছে দেশটির সরকার। তবে একইসঙ্গে সেখানে ব্যাপক লড়াইয়ের কথাও জানিয়েছে তারা।
বান আরও বলেন, " মারাত্মক লড়াইয়ের মধ্যে আটকা পড়া বেসামরিক লোকজনের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি বাড়তে থাকার খোঁজ পেয়েছে জাতিসংঘ...এবং সংঘাত অঞ্চল থেকে পালিয়ে আসতে চাচ্ছে এমন বেসামরিক লোকজনদের নিরাপদে সরে আসার সুযোগ করে দেওয়ার জন্য লড়াই বন্ধের জন্য জোরালো সমর্থন জানায় জাতিসংঘ।"
জাতিসংঘ মহাসচিব 'যুদ্ধবিরতি' কথাটা উচ্চারণ না করলেও শুধু বেসামরিক লোকজনকে রক্ষার জাতিসংঘের পূর্ববর্তী আহ্বানের চেয়ে সহিংসতা বন্ধের অনেক জোরালো আহ্বান জানানো হয়েছে এই বিবৃতিতে।
এলটিটিই সোমবার জানিয়েছে একটি যুদ্ধবিরতি মেনে নিতে প্রস্তুত তারা। একইসঙ্গে তারা দাবি করেছে রণক্ষেত্রটিতে প্রায় ২,০০০ বেসামরিক লোক প্রাণ হারিয়েছে।
বান বলেন, "কার্যকরভাবে সহিংসতা বন্ধের লক্ষ্যে রাজনৈতিক সংলাপ" চালানোর জন্য সব পক্ষের প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করছে জাতিসংঘ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩৩০ ঘ.
bdnews24