সউল, ২১ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- উত্তর কোরিয়া মার্কিনবিরোধী কঠোর কথাবার্তা অব্যাহত রেখে শনিবার বলেছে, কোরিয়া উপদ্বীপে যুদ্ধ শুরু করার প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মাইয়াং-বাকের বিরুদ্ধেও প্রচারণায় থেমে নেই দেশটি। 'দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে অপমানসূচক কথাবার্তা বন্ধ না করলে পিয়ংইয়ংয়ের সঙ্গে সম্পর্কোন্নয়নের সম্ভাবনা কম' মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের এ হুঁশিয়ারির একদিন পর মাইয়াংকে বিশ্বাসঘাতক বলেছে পিয়ংইয়ং।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এরকম কঠোর কথাবার্তা বললেও হিলারি মন্তব্য নিয়ে কিছু বলেনি।
সরকারি রনডং সিনমুন সংবাদপত্রে বলা হয়েছে, "যুক্তরাষ্ট্রের যুদ্ধবাজ বাহিনীকে আরেকটি কোরিয়া যুদ্ধের দিকে নিয়ে যাওয়া অব্যাহত আছে।... এতে কোরিয়া উপদ্বীপে এমন এক অবস্থার সৃষ্টি হবে যার ভয়াবহ পরিণতির জন্য পুরোপুরি দায়ী থাকবে যুক্তরাষ্ট্র।"
হিলারি শুক্রবার উত্তর কোরিয়াকে 'স্বৈরাচারী' আখ্যা দিয়ে সম্পর্ক ভালো করতে চাইলে দক্ষিণের নেতাদের প্রতি অপমানজনক কথাবার্তা বলা বন্ধের আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৫২০ ঘ.
bdnews24