কলম্বো, ২১ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- শ্রীলংকার রাজধানী কলম্বোতে শুক্রবার তামিল টাইগারদের দুটি বিমান গুলি করে ভূপাতিত করেছে সেনাবাহিনী। একটি বিমান সরকারি ভবনের উপর বিধ্বস্ত হলে দুই ব্যক্তি নিহত হয়েছে। তামিল বিদ্রোহীরা বর্তমানে দেশের উপকূলভাগের একটি জঙ্গলে কোনঠাসা হয়ে পড়া সত্ত্বেও রাজধানীতে এই দুঃসাহসী বিমান হামলার চেষ্টা চালায়।
সেনাবাহিনী জানিয়েছে, বিমানবিধ্বংসী কামানের গোলার সাহায্যে একটি বিমান কলম্বোর আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশ থেকে নামানো হয়। অপর বিমানটি কলম্বোর প্রধান সমুদ্রবন্দর এলাকায় গোলার আঘাতে অভ্যন্তরীণ রাজস্বভবনের ওপর বিধ্বস্ত হলে দুজন নিহত ও ৪০ জন আহত হয়।
শ্রীলংকার রাষ্ট্রীয় টেলিভিশনে বিমানবন্দরের কাছে ভূপাতিত হওয়া বিমানটির ধ্বংসাবশেষ ও এর নিহত পাইলটের ছবি দেখিয়েছে।
তামিল টাইগাররা ২০০৭ সালে সেকেলে আমলের বিমান নিয়ে নিজস্ব একটি স্কোয়াড্রন গড়ে তোলার পর এর আগে নয়বার সরকারি লক্ষবস্তুতে হামলা চালায়। বর্তমানে সরকারি বাহিনীর প্রবল অভিযানের মুখে তারা ৮৭ বর্গ-কিলোমিটার জঙ্গলে ঘেরাও হয়ে আছে।
শুক্রবার রাতে রাডারে পূর্ব উপকূলের দিকে একটি বিমানের অগ্রসর হওয়া ধরা পরার পর কর্তৃপক্ষ রাজধানীতে বিদ্যুৎ বন্ধ করে দেয়। এরপর বিমানবিধ্বংসী কামানের গোলায় প্রকম্পিত হতে থাকে রাজধানী। মাঝে মাঝে ছোড়া ট্রেসারে আলোকিত হয়ে ওঠে কলম্বোর আকাশ।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কেহেলিয়া রামবুকওয়ালা বলেছেন, "আমরা একটি বিমান কাতুনায়েক (বিমানবন্দরের কাছে) এলাকায় ভূপাতিত করেছি।" পরে তিনি রাজস্ব ভবনের ওপর আরেকটি বিমান বিধ্বস্ত হওয়ার কথা জানান।
হাসপাতাল সূত্র ৪০ জন আহত হওয়ার কথা জানিয়েছে। সেনাবাহিনী দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১২৩৮ ঘ.
bdnews24