২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'শিম্পাঞ্জি' কার্টুনের জন্য ক্ষমা চেয়েছে নিউ ইয়র্ক পোস্ট

দ্যা নিউ ইয়র্ক পোস্ট এ প্রকাশিত একটি কার্টুনের জন্য যারা মর্মাহত হয়েছেন তাদের কাছে বৃহস্পতিবার ক্ষমা চেয়েছে পত্রিকাটি। সমালোচকেরা বলেছেন, কার্টুনটি বর্ণবাদী মানসিকতার বহিঃপ্রকাশ, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে এতে শিম্পাঞ্জি হিসেবে চিত্রিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2009, 03:34 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

নিউ ইয়র্ক, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- দ্যা নিউ ইয়র্ক পোস্ট এ প্রকাশিত একটি কার্টুনের জন্য যারা মর্মাহত হয়েছেন তাদের কাছে বৃহস্পতিবার ক্ষমা চেয়েছে পত্রিকাটি। সমালোচকেরা বলেছেন, কার্টুনটি বর্ণবাদী মানসিকতার বহিঃপ্রকাশ, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে এতে শিম্পাঞ্জি হিসেবে চিত্রিত করা হয়েছে। গত বুধবার সম্পাদকীয়র সঙ্গে প্রকাশ করা কার্টুনটি নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ার কথা স্বীকার করে পত্রিকাটি বলেছে, আফ্রিকান-আমেরিকানরাসহ অনেকের কাছে মনে হয়েছে কার্টুনটি ওবামার প্রতিচ্ছবি। পত্রিকাটির ওয়েবসাইটে 'ওই কার্টুনটি' শিরোনামে লেখা সম্পাদকীয়তে বলা হয়েছে, "কার্টুনটির উদ্দেশ্য যে তা ছিল না সেটা প্রায় নিশ্চিত, এ সত্ত্বেও যারা এতে অপমানিত বোধ করেছেন তাদের কাছে আমরা ক্ষমা চাচ্ছি।" "অর্থনৈতিক পুনরুদ্ধার বিল প্রণয়নে ফেডারেল সরকারের অদক্ষতার বিষয়টি নিয়ে ব্যঙ্গ করাই ছিল কার্টুনটির উদ্দেশ্য" যুক্তি দেখিয়েছে পত্রিকাটি। কার্টুনটিকে দেখানো হয়, এক পুলিশ অফিসার একটি শিম্পাঞ্জিকে গুলি করে হত্যা করছে। পুলিশ অফিসারটি বলছে, "পরবর্তী পুনরুদ্ধার বিল প্রণয়ন করার জন্য অন্য কাউকে খুঁজে পাওয়া যাবে।" যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে এই সপ্তাহে সত্যি সত্যি একটি শিম্পাজিকে গুলি করে হত্যা করে পুলিশ। পোষা ওই শিম্পাঞ্জিটি তার মালিকের এক বন্ধুর ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে প্রায় মেরে ফেলতে যাচ্ছিল। এই জন্যই প্রাণীটিকে হত্যা করা হয়। ওবামা ৭৮৭ বিলিয়ন ডলারের অর্থনৈতিক পুনরুদ্ধার বিলে সই করার একদিন পর কার্টুনটি ছাপায় নিউ ইয়র্ক পোস্ট। কার্টুনটি নিয়ে শুক্রবার বিক্ষোভ হয়েছে পত্রিকাটির মালিক প্রতিষ্ঠান, রুপার্ট মারডকের আন্তর্জাতিক মিডিয়াগোষ্ঠী নিউজ করপোরেশনের সামনে। নিউ ইয়র্কের ম্যনহাটনে গোষ্ঠীটির আকাশচুম্বী সদরদপ্তরের সামনে সিভিল রাইটস কর্মী আল শার্পটনের নেতৃত্বে বিক্ষোভকারীরা "এক্ষুনি বর্ণবাদ বন্ধ কর" স্লোগান দেয়। তারা রুপার্ট মারডককে গ্রেপ্তার করারও দাবি জানায়। পত্রিকাটি কৃষ্ণাঙ্গদের নিয়ে অতীতের বর্ণবাদী দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটাতে চাচ্ছে বলে মনে করেন শার্পটন। তিনি বলেছেন, "আমি মনে করি, তাদের বিশ্বাস আমরা শিম্পাঞ্জি ছিলাম। কিন্তু তারা একদিন জানবে, আমরা সিংহ ছিলাম।" পত্রিকার ক্ষমা চাওয়াকে সঠিক পদক্ষেপ হিসেবে দেখলেও শার্পটন বলেছেন, "কিন্তু তারা কৃতকর্মের পুরো দায় না নিয়ে বিষয়টি যারা উত্থাপন করেছে উল্টো তাদের দোষারোপ করতে চাচ্ছে।" নিউ ইয়র্ক পোস্ট বলেছে, তারা সব সমালোচনাকারীর কাছেই ক্ষমাপ্রার্থী নয়। "সুযোগসন্ধানীরা কার্টুনের মধ্যে ভিন্ন অর্থ খুঁজলেও কখনো কখনো একটি কার্টুন কেবল কার্টুনই" বলেছে তারা। কার্টুনটি দেখে অনেকে এমনও বলেছেন, এতে ওবামাকে হত্যা করতে প্রচ্ছন্ন ইঙ্গিতও দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১৩২ ঘ.