শ্রীনগর, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের কাশ্মিরে শুক্রবার বিচ্ছিন্নতাবাদী এক নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ করার সময় পুলিশ বিক্ষোভকারীদের ওপর গুলি ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ করেছে। এতে অন্তত ২৬ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কাশ্মিরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে বিক্ষোভের সময় বিক্ষোভকারীরা "নিরাপত্তাবাহিনী দূর হও, শাবির শাহ'র মুক্তি চাই" বলে শ্লোগান দেয়। এ সময় অনেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।
পুলিশ কর্মকর্তা ফায়েজ আহমেদ বলেন, "সংঘর্ষে ২৬ জন আহত হয়েছে।"
কাশ্মিরে ভারতীয় শাসনের প্রতিবাদে গত বছর কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভের সময় কয়েকটি সমাবেশে নেতৃত্ব দেওয়ার পর পুলিশ বিচ্ছিন্নতাবাদীদের ঊর্ধ্বতন নেতা শাবির শাহকে গ্রেপ্তার করে।
কাশ্মিরে ভারতীয় শাসনের বিরোধিতা করায় ২০ বছরের বেশি কারগারে কাটিয়েছেন শাবির শাহ। এ জন্য সমর্থকরা তাকে 'কাশ্মিরের নেলসন ম্যান্ডেলা' হিসেবে অভিহিত করে থাকে।
তিনি কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর জোট 'অল পার্টি হুরিয়াত কনফারেন্সের' নির্বাহী সদস্য।
১৯৮৯ সালে কাশ্মিরে ভারতবিরোধী অভ্যুত্থান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত বিভিন্ন সহিংসতায় দশ হাজারের মতো মানুষ নিহত হয়েছে।
২০০৪ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি আলোচনা শুরু হওয়ার পর থেকে কাশ্মিরে সেনা ও বিদ্রোহীদের মধ্যে সহিংসতা অনেক কমে এসেছে।
ভারত ও পাকিস্তান উভয় দেশই পূর্ণাঙ্গ কাশ্মিরকে নিজেদের বলে দাবি করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১৩০ ঘ.
bdnews24