আফগানিস্তান, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই বুধবার যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমার আশা প্রকাশ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আফগানিস্তানে নতুন করে সেনা পাঠানোর পরিকল্পনা ঘোষণা করার একদিন পর কারজাই এ আশাবাদ দিলেন।
কারজাই বলেন, বেসামরিক আফগান হতাহতের ঘটনা এড়াতে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী আফগানিস্তান কর্তৃপক্ষের সঙ্গে তাদের অভিযানের সুসমন্বয় ঘটাতে রাজি হয়েছে।
কাবুলে এক ভাষণে কারজাই বলেন, "যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আফগান সরকারের যে উত্তেজনা ছিল তা এখন শেষ। এখন থেকে কোনও বিদেশি সেনা অভিযানই আফগান বাহিনীর সঙ্গে সমন্বয়বিহীন হবে না।"
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামা মঙ্গলবার আফগানিস্তানে ১৭ হাজার অতিরিক্ত সেনা পাঠানোর পরিকল্পনা ঘোষণার পর প্রথম কারজাইয়ের সঙ্গে কথা বলেন।
আফগানিস্তানে দুর্নীতি বিরোধী লড়াইয়ের কারজাইয়ের ব্যর্থতা নিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগ এবং আফগানিস্তানে বিদেশি সেনা অভিযানে বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কারজাইয়ের পাল্টা অভিযোগে দুদেশের সম্পর্কে অবনতি হয়েছিল।
কিন্তু বুধবার ওবামা-কারজাই টেলিসংলাপের পর কারজাইয়ের মুখপাত্র বলেন, "আমরা এক নতুন অধ্যায়ের সূচনা করেছি।"
প্রেসিডেন্টের মুখপাত্র হুমায়ুন হামিদজাদা বলেন, "ওবামা ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি, সামরিক সাজ সরঞ্জাম, জাতীয় সেনাবাহিনীর প্রশিক্ষণ, দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করাসহ নানা ইস্যু নিয়ে প্রেসিডেন্ট কারজাইয়ের সঙ্গে কথা বলেছেন। সেনাশক্তি বাড়ানোর বিষয়টি নিয়েও তাদের মধ্যে কথা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪০৭ ঘ.
bdnews24