জাকার্তা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইন্দোনেশিয়ার গণতন্ত্রে উত্তরণকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন জানিয়েছেন, মিয়ানমারে পরিবর্তন নিয়ে আসার জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে জোরাল সম্পর্ক চায় তার দেশ।
বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া সফরকালে হিলারি একথা বলেন। তার এই সফর থেকে এটি পরিস্কার যে, মুসলিম বিশ্বের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে চান যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট বারাক ওবামা।
ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর হিলারি জানান, জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে নিরাপত্তা এবং সন্ত্রাসবাদের মতো বিষয়ে একযোগে কাজ করার আগ্রহ দুদেশেরই আছে।
যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমরা বিশ্বাস করি, গণতন্ত্র এবং উন্নয়ন উভয় ক্ষেত্রেই এই পারস্পরিক অংশিদারিত্ব কাজে আসবে।" ইন্দোনেশিয়া সফর কোনো আকস্মিক ঘটনা নয় বলে জানান তিনি।
ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হাসান বীরাজুদা জানান, ইন্দোনেশিয়া এখন উন্নয়নের একটি সফল মডেল।
তিনি বলেন, "ইন্দোনেশিয়া শুধু বিশ্বের বৃহৎ মুসলিম দেশ নয়, আমরা প্রমাণ করেছি গণতন্ত্র, ইসলাম এবং আধুনিকতা হাত ধরাধরি করে চলতে পারে।"
ওবামার ইন্দোনেশিয়া সফরের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করে হলে বীরাজুদা বলেন, ভোটের অধিকার না থাকলেও ইন্দোনেশিয়ায় নিশ্চিতভাবে ওবামার জোরাল আবেদন আছে। শৈশবে চার বছর ইন্দোনেশিয়ায় ছিলেন ওবামা।
তিনি জানান, ওবামা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মার্কিনিদের মতো ইন্দোনেশিয়ার জনগণও খুশি হয়েছে। তিন চান হিলারি যেন দেশে ফিরে ওবামাকে বলেন, "তার সফরের জন্য ইন্দোনেশিয়া বেশিদিন অপেক্ষা করতে পারবে না"
মিয়ানমারের সামরিক জান্তাকে সরিয়ে দিতে যুক্তরাষ্ট্র নতুন নীতি গ্রহণ করতে যাচ্ছে এ ইঙ্গিত দিয়ে হিলারি বলেন, "তাদের ক্ষেত্রে অবরোধ আরোপের যে নীতি আমরা এতদিন অনুসরন করে এসেছি তা কাজ দেয়নি।"
তিনি জানান, বুশের আমলে দক্ষিণ-পূর্ব এশিয়াকে যুক্তরাষ্ট্র অবহেলা করে এসেছে। আর এই সুযোগ কাজে লাগিয়েছে চীন। এ নিয়ে তাদের উদ্বেগ আছে।
জাকার্তায় দশটি রাষ্ট্রের আঞ্চলিক সংগঠন আসিয়ানের সদর দপ্তর পরিদর্শন করেন হিলারি। সেখানে তিনি আসিয়ানের 'বন্ধুত্ব ও সহযোগিতা' চুক্তি স্বাক্ষর নিয়ে আলোচনা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২০৫০ ঘ.
bdnews24