২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডাচের বিচারে ভিডিওচিত্র নিয়ে আইনজীবীদের বিতর্ক

ক্যাম্বোডিয়ায় খেমাররুজ নেতা পলপটের শীর্ষ সহযোগী ডাচের বিচারকার্যে একটি ভিডিওচিত্রকে আলামত হিসেবে গ্রহণ করা নিয়ে বুধবার আদালতে আইনজীবীদের মধ্যে বিতর্ক হয়েছে। ১৯৭৯ সালে খেমাররুজদের পতনের পর নমপেনের কুখ্যাত এস-টোয়েন্টি ওয়ান বন্দিশালায় ভিয়েতনামি সেনারা ওই ভিডিওচিত্র ধারণ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2009, 01:07 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

নমপেন, ১৮ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--ক্যাম্বোডিয়ায় খেমাররুজ নেতা পলপটের শীর্ষ সহযোগী ডাচের বিচারকার্যে একটি ভিডিওচিত্রকে আলামত হিসেবে গ্রহণ করা নিয়ে বুধবার আদালতে আইনজীবীদের মধ্যে বিতর্ক হয়েছে। ১৯৭৯ সালে খেমাররুজদের পতনের পর নমপেনের কুখ্যাত এস-টোয়েন্টি ওয়ান বন্দিশালায় ভিয়েতনামি সেনারা ওই ভিডিওচিত্র ধারণ করে। ডাচের আইনজীবীরা বলেন, তাদের মক্কেলের বিরুদ্ধে বিচারে ওই ভিডিও প্রমাণ হিসেবে আদালতে দাখিল করায় তারা মর্মাহত হয়েছেন। এস-টোয়েন্টি ওয়ান বন্দিশালার সাবেক প্রধান কেইং গুয়েক ওরফে ডাচের ক্যাম্বোডিও আইনজীবী কার সাভুথ আদালতকে বলেন, "ওই ভিডিও গ্রহণ করার বিরুদ্ধে আমাদের তীব্র আপত্তি আছে। প্রকৃত সত্য গোপন করতে রাজনৈতিক উদ্দেশ্য থেকেই এই ভিডিও উপস্থাপন করা হয়েছে।" যে ভিয়েতনামি সেনারা ওই ভিডিও ধারণ করেছিলেন তাদের সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে হাজির করার অনুরোধ জানান তিনি। ক্যাম্বোডিয়ায় ১৯৭৫ থেকে ১৯৭৯ সালে পলপট শাসনামলে ১৭ লাখ মানুষকে হত্যার অভিযোগে খেমাররুজ বাহিনীর শীর্ষ নেতাদের বিচার শুরু হয়েছে গত সোমবার। পলপটের সহযোগী ডাচের বন্দিশালায় ১৪ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়। ৩০ বছর পর মঙ্গলবার তাকে আদালতে নেওয়া হলে নির্যাতনের শিকার শত শত লোক আদালতের সামনে জড়ো হয়। তবে এ দুদিন বিচারকার্য শুরুর আনুষ্ঠানিকতা শেষ করে বুধবার শুনানি মুলতবি ঘোষণা করা হয়েছে। মূল বিচার শুরু হবে আগামী মাসে এবং সেপ্টেম্বরে রায় হওয়ার কথা রয়েছে। নমপেন থেকে খেমাররুজ বাহিনীকে বিতাড়িত করার কয়েকদিন পর এস-টোয়েন্টি ওয়ান বন্দিশালা থেকে তোলা ভিয়েতনামি সেনাদের সাত মিনিটের সাদাকালো ওই ভিডিওতে দেখা যায়, সেখানে মানুষের গলিত দেহ স্তুপ হয়ে পড়ে আছে। অনেক দেহ তখনও শিকলে বাধা অবস্থায় ছিল। যে ভিয়েতনামি সেনারা ওই ছবি তুলেছিলেন তাদের দুজন গত সোমবার জানান, বন্দিশালায় ঢোকার পর তারা সেখানে জীবিত অবস্থায় পাঁচটি শিশুকে পেয়েছিল। তারা বন্দিদের কাপড়ের স্তুপের নিচে পালিয়ে ছিল। তবে অপুষ্টির কারণে একটি শিশু উদ্ধার হওয়ার পর মারা যায়। ডাচের আইনজীবী কার সাভুথ আদালতে প্রশ্ন তোলেন, ভিয়েতনামি সেনারা নমপেনে ঢুকে পড়ার পর ডাচ যদি কারাগারের সব বন্দিকে হত্যার নির্দেশ দিয়েই থাকবেন তাহলে ওই পাঁচ শিশু কীভাবে রক্ষা পেয়ে গেল? এছাড়া আদালতে হাজির করা আরো ৫০টির বেশি ডকুমেন্টের বিষয়ে আপত্তি তোলেন ডাচের আইনজীবীরা। এর মধ্যে অনেকগুলো ডাচের নিজের হাতের লেখা কাগজ যাতে তিনি বন্দিদের হত্যার নির্দেশ দিয়েছিলেন। ক্যাম্বোডিয়াকে বধ্যভূমিতে পরিণতকারী খেমাররুজদের এই বিচার শুরু হওয়া তীব্র মতবিরোধপূর্ণ দেশটির জন্য এক ঐতিহাসিক ঘটনা। ১৯৭৫ থেকে '৭৯ সাল পর্যন্ত খেমাররুজ শাসনামলে প্রতিটি পরিবারেই কেউ না কেউ প্রাণ হারায়। বিংশশতাব্দীর এক কালো অধ্যায় রচিত হয় সেসময়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/১৮৩৫ ঘ.