লন্ডন, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানকে পরমাণু অস্ত্র তৈরিতে দেরি করিয়ে দেওয়ার উদ্দেশ্যে দেশটির ভেতরে গোপনে নাশকতামূলক যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল। যুক্তরাজ্যের ডেইলি টেলিগ্রাফ পত্রিকা মঙ্গলবার এ খবর জানিয়েছে।
গোয়েন্দা বিশেষজ্ঞ এবং এক সাবেক সিআইএ এজেন্টের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে জড়িতদের লক্ষ্য করে ইসরায়েল গোপনে এই নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে না জড়িয়ে তাদের পরমাণু কর্মসূচি বন্ধ করে দেওয়াই ইসরায়েলের উদ্দেশ্য।
যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামা ক্ষমতায় আসায় ইসরায়েলের এই কৌশল আরও গুরুত্ব পেয়েছে। ইরান সমস্যা সমাধানে সামরিক পদক্ষেপের চেয়ে কূটনৈতিক পদক্ষেপকে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন ওবামা।
পরিচয় প্রকাশ না করার শর্তে সিআইয়ের সাবেক এজেন্ট টেলিগ্রাফকে বলেন, "ইসরায়েল এমনভাবেই গোপনে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে ইরান যেন বুঝতেই না পারে কি ঘটছে। তাদের উদ্দেশ্য পরমাণু অস্ত্র তৈরিতে ইরানের অগ্রগতি প্রতিহত করা।"
তিনি বলেন, "ইসরায়েলের লক্ষ্য সমস্যা সমাধানের বিকল্প উপায় না পাওয়া পর্যন্ত ইরানকে ঠেকিয়ে রাখা।"
"আমরা অবশ্যই চাই না, ইরানের এই সরকারের হাতে পরমাণু অস্ত্র আসুক। সামরিক পদক্ষেপের তুলনায় এটা ভালো কৌশল। সামরিক ব্যবস্থা নিতে গেলে অনেক ঝুঁকির সম্ভাবনা আছে।"
টেলিগ্রাফের এই খবর সম্পর্কে জানতে চাইলে ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের মুখপাত্র মার্ক রেগিভ বলেন, "এই ধরনের অভিযোগের বিষয়ে বর্তমান পরিস্থিতিতে, এমনকি কোনো পরিস্থিতিতেই প্রকাশ্যে মন্তব্য করা আমাদের কাজ নয়।"
ইসরায়েলের এই তৎপরতার পক্ষে উদাহরণ হিসেবে ইরান বিষয়ক পর্যবেক্ষকরা পরমাণু বিজ্ঞানী আরদেশায়ার হাসানপোউরের মৃত্যুর কথা জানিয়েছেন। ইস্পাহান পরমাণু প্লান্টের এই বিজ্ঞানী ২০০৭ সালে তার বাড়িতে দৃশ্যত গ্যাস বিষক্রিয়ায় মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/১৮৩৯ ঘ.
bdnews24