ইসলামাবাদ, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মুম্বাই হামলায় ভারতীয় নিরাপত্তাবাহিনীর হাতে আটক বন্দুকধারীকে নিজেদের হেফাজাতে চাইতে পারে পাকিস্তান। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা শনিবার একথা জানিয়েছেন।
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রের আংশিক পাকিস্তানের মাটিতে হয়েছে বলে গত বৃহস্পতিবার প্রথমবারে মতো স্বীকার করেছে পাকিস্তান। ওই ষড়যন্ত্রের মূল হোতা এবং আরও পাঁচ সন্দেহভাজন পাকিস্তানি কারাগারে আটক রয়েছে বলে তারা জানিয়েছে।
পাকিস্তানের এ স্বীকারোক্তিকে স্বাগত জানিয়েছে ভারত।
মুম্বাই হামলার ঘটনা তদন্তে নিয়োজিত পাকিস্তানি কর্মকর্তারা আট সন্দেহভাজনের বিরুদ্ধে মামলা করেছে। এর মধ্যে আছে হামলার সময় মুম্বাইতে ভারতীয় নিরাপত্তাবাহিনীর হাতে আটক বন্দুকধারী মোহম্মাদ আজমল কাসাব।
২৬ থেকে ২৮ ডিসেম্বরের ওই হামলা ও অবরোধের সময় নিহত হয়েছিল বাকি নয় বন্দুকধারী। আর সব মিলিয়ে নিহত হয়েছিল মোট ১৭৯ জন।
পাকিস্তান কাসাবকে পাকিস্তান নিজস্ব হেফাজতে নিতে চাইবে কীনা সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী গিলানির স্বরাষ্ট্রবিষয়ক উপদেষ্টা রেহমান মালিক বলেন
"যদি তদন্তকারীরা সেটা চায় এবং আদালত নির্দেশ দেয়, আমরা অবশ্যই সে চেষ্টা করব।"
তিনি বলেন, "এটা আগে থেকে বলা যাচ্ছে না কিন্তু যেহেতু তার নাম মামলায় অর্ন্তভুক্ত হয়েছে, মামলার স্বার্থে তার প্রয়োজন আছে... আমাদের তদন্তকারীরা যখন মনে করবে তাকে আনা প্রয়োজন তখন আমরা তা করব।"
ভারতীয় তদন্তকারীরা এ পর্যন্ত যে সমস্ত তথ্য পেয়েছে তা পাকিস্তানের কাছে হস্তান্তর এবং পাকিস্তানি গোয়েন্দারা যে ৩০টি প্রশ্নের উত্তর ভারতীয় পক্ষের কাছে জানতে চেয়েছে তা দেওয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন মালিক। এতে করে সন্ত্রাসীদের পাকিস্তানে বিচার করা সহজ হবে বলে তিনি মন্তব্য করেন।
পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়্যবা ওই হামলা চালিয়েছে বলে উল্লেখ করে এতে দেশটির গোয়েন্দা সংস্থার মদদ ছিল বলে দাবি করে আসছে ভারত। তবে, পাকিস্তান বরাবরই বলে আসছে, ওই ঘটনায় তাদের কোনো রাষ্ট্রীয় সম্পৃক্ততা নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/১৮০৯ ঘ.
bdnews24