ওয়াশিংটন, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলোয় বৃহস্পতিবার রাতে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৪৯ জন নিহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, বৃষ্টি ও তুষারপাতের মধ্যে বিমানটি বাফেলোর শহরতলী ক্ল্যারেন্স সেন্টারে বিধ্বস্ত হয়। ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) একথা জানিয়েছে। (আরও তথ্যসহ-১)
নিউ জার্সির নেওয়ার্ক থেকে বাফেলোগামী এই বিমানটিতে ৪৪ জন যাত্রী ও ৪ ক্রু ছিল। দুর্ঘটনায় সবাই নিহত হয়েছে। মাটিতে নিহত হয়েছে আরও একজন। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জনে।
এমএসএনবিসি'কে এক প্রত্যদর্শী শাওন ওলফ জানান, "আমি জানালা দিয়ে দেখলাম বিমানটি সত্যি সত্যি নীচে নেমে আসছে। আর কমলা রঙের আগুনে ছেয়ে গেছে গোটা আকাশ।"
স্থানীয় জরুরি ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা বলেছেন, বিমানটি ০৩১০ জিএমটি'তে বাফেলোর ১০ মাইল দূরে একটি বাড়ির ওপর বিধ্বস্ত হয়। টিভি ফুটেজে বাড়িটিতে আগুন জ্বলতে দেখা গেছে। এতে ওই বাড়ির একজন নিহত হয়েছে এবং অন্য দুজন সামান্য আহত হয়েছে। এরি কাউন্টির নির্বাহী কর্মকর্তা ক্রিস কলিন্স একথা জানিয়েছেন।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে কলিন্স বলেন, "এ মুহূর্তে ঠিক কি কারণে দুর্ঘটনাটি ঘটেছে সে সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। তিনি বলেন, বিমানটি অবতরণ করার আগে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে কর্মকর্তারা কোনও সমস্যার কথা জানতে পারেননি।"
ক্যারেন্স টাউনের সুপারভাইজর স্কট বাইলেউইস্কি বলেন, "আমি দরজা ভেঙে পড়ার মতো শব্দ শুনলাম। বাড়ির বাইরে বেরিয়ে দেখি আকাশ লাল।"
ক্যারেন্স শহরের জরুরি সমন্বয়ক ডেভ বিসোনেত্তে বলেন, "মাত্র একটি বাড়ির ওপর দিয়ে দুর্ঘটনাটি ঘটাটা বিষ্ময়কর ব্যাপার। এটি এত মারাত্মক ছিল যে এতে করে আশেপাশের অনেক বাড়িই নিশ্চিহ্ন হয়ে যেতে পারত।"
সিএনএন জানিয়েছে, দুজন আহতকে হাসপাতালে নেওয়া হয়েছে। তারা বিমানের যাত্রী নয়।
কলগ্যান এয়ার পরিচালিত কন্টিনেন্টাল এক্সপ্রেস ৩৪০৭ ফাইটটি নির্ধারিত সময়ের দুঘন্টা পর বাফেলো বিমানবন্দরের উদ্দেশ্য যাত্রা শুরু করে। এরপর বিমানবন্দর থেকে ৬ মাইল (৮ কিলোমিটার) দূরে অবস্থানকালে নীচে নেমে এসে বিধ্বস্ত হয় বোম্বার্ডিয়ার ড্যাশ ৮ কিউ৪০০।
বিধ্বস্ত বিমানের জ্বালানি থেকে বিস্ফোরণের আশঙ্কায় দুর্ঘটনাস্থলের ১২ টি বাড়ি খালি করে দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৪৩ ঘ.
bdnews24