২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের মুম্বাই হামলার স্বীকারোক্তিকে স্বাগত জানাল ভারত

গত নভেম্বরে ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রের আংশিক পাকিস্তানের মাটিতে হয়েছে বলে ইসলামাবাদের দেওয়া স্বীকারোক্তিকে 'ইতিবাচক অগ্রগতি' বলে স্বাগত জানিয়েছে নয়াদিল্লি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2009, 08:21 AM

Updated : 26 Aug 2022, 11:04 AM

নয়াদিল্লি, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - গত নভেম্বরে ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রের আংশিক পাকিস্তানের মাটিতে হয়েছে বলে ইসলামাবাদের দেওয়া স্বীকারোক্তিকে 'ইতিবাচক অগ্রগতি' বলে স্বাগত জানিয়েছে নয়াদিল্লি। তবে পাকিস্তানের মুম্বাই হামলার তদন্তকে সতর্কভাবে স্বাগত জানিয়ে ভারত বলেছে, ইসলামাবাদের এখনও জঙ্গি শিবিরগুলো নির্মূল করার দরকার। বৃহস্পতিবার পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা মুম্বাই হামলার ষড়যন্ত্রের আংশিক পাকিস্তান থেকে হওয়ার কথা জানান। একইসঙ্গে তিনি বলেন, ওই ষড়যন্ত্রের মূল হোতা এবং আরও পাঁচ সন্দেহভাজন পাকিস্তানি কারাগারে আটক রয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি পাকিস্তানের স্বীকারোক্তিকে ইতিবাচক অগ্রগতি বলে স্বাগত জানালেও বলেন, পাকিস্তানকে জঙ্গি শিবিরগুলো নির্মূল করতে হবে। প্রণব সাংবাদিকদের বলেন, "আমরা যতটুকু পারি তথ্য আদান-প্রদান করব। পাকিস্তান সন্ত্রাসী অবকাঠামো নির্মুলের বিশ্বাসযোগ্য পদক্ষেপ নেবে বলেই আমরা আশা করি।" ওদিকে, ভারতের বিরোধীদল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বলেছে, পাকিস্তান অবশেষে অস্বীকৃতি জানানোর স্বভাব থেকে সরে এসেছে। বিজেপির'র মুখপাত্র রাজিব প্রতাপ রুডি বলেন, "মুম্বাই হামলার স্বীকারোক্তি দেওয়ার পর এখন পাকিস্তানের পরবর্তী পদক্ষেপ হবে সন্ত্রাসী শিবিরগুলো নির্মূল করা এবং রাষ্ট্রের সঙ্গে সন্ত্রাসী গ্র"পগুলোর সহযোগিতার অবসান ঘটানো।" ভারতের পত্রপত্রিকগুলোও পাকিস্তানের স্বীকারোক্তিকে স্বাগত জানিয়েছে। 'অবশেষে পাকিস্তান কিছু দোষ স্বীকার করল' শিরোনামে খবর ছেপেছে 'দ্য মেইল টুডে' পত্রিকা। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা রেহমান মালিক বৃহস্পতিবার বলেন, "ষড়যন্ত্রের খানিকটা পাকিস্তানে সংঘটিত হয়েছে।" তিনি জানান, হামলায় জড়িত পাকিস্তানি নাগরিকদের বিচারের প্রক্রিয়া শুরু করতে সরকার বাদী হয়ে একটি মামলা করেছে। হামলা চালাতে বন্দুকধারীরা কীভাবে করাচি থেকে যাত্রা করে তিনি সংবাদ সম্মেলনে তার বর্ণনাও দেন। ফোনালাপ ও ব্যাংক লেনদেনের সূত্র ধরেই ষড়যন্ত্রের মূল হোতা হাম্মাদ আমিন সাদিককে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান। মালিক বলেন, "সাদিকই মূল ষড়যন্ত্রকারী।" জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অন্য দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের একজনকে করাচি এবং অন্যজনকে সেখান থেকে দুই ঘন্টা দূরের জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, "করাচির যে জায়গাটি থেকে সন্ত্রাসীরা মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল আমরা তা জানতে পেরেছি। সমুদ্রযাত্রার কিছু প্রশিক্ষণও তাদের ছিল।" "আটক সন্দেহভাজনদের কেউ কেউ ওই অভিযানের পূর্ণাঙ্গ বর্ণনা আমাদের দিয়েছে", বলেন মালিক। সন্ত্রাসীদের ব্যবহৃত জেলে নৌকা, লাইফ জ্যাকেট এবং যে রাবার ডিঙিতে করে তারা মুম্বাই উপকূলে ওঠে তার ইঞ্জিন কেনার সূত্র ধরেই তদন্তে বিস্তারিত জানা যায়। মালিক জানান, লস্কর ই-তৈয়্যেবার দুই সদস্য জাকি-উর-রেহমান ও জারার শাহ আগে থেকেই আটক আছে। অন্য যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নাম খান ও রিয়াজ। তদন্তের স্বার্থে এই দুজনের পুরো নাম এখন জানানো হচ্ছে না। এছাড়া আটক জাভেদ ইকবাল নামের অন্য সন্দেহভাজনকে ফাঁদপেতে স্পেনের বার্সেলোনা শহর থেকে পাকিস্তানে এনে আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫২০ ঘ.