জেরুজালেম, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - গণনার বাইরে থেকে যাওয়া প্রায় দেড়লাখ ভোটের হিসাব-নিকাশ শেষ করে বৃহস্পতিবার নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এসব ভোটের মধ্যে সেনা সদস্যদের ভোটই সবচেয়ে বেশি। সেনা ভোটের মধ্য দিয়ে জয়-পরাজয়ের ব্যবধানে এগিয়ে যেতে পারেন লিভনি কিংবা নেতানিয়াহু।
মঙ্গলবারের নির্বাচনে সেনাশিবির, কারাগার এবং বিভিন্ন দূতাবাসে গ্রহণ করা প্রায় ১,৫০,০০০ ভোটের ফলাফল কোন দিকে যাবে তার ওপরই নির্বাচনের চূড়ান্ত ফল নির্ধারিত হতে পারে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ঐতিহ্যগতভাবেই সেনাদের ভোট ডানপন্থিদের পক্ষে পড়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে ডানপন্থি লিকুদ পার্টির নেতা নেতানিয়াহুর সরকার গঠনের সম্ভাবনা ভারী হয়ে যাবে।
নির্বাচনের সর্বশেষ ফলে দেখা গেছে, ১২০ আসনের পার্লামেন্ট 'নেসেট'-এ নেতানিয়াহুর লিকুদ পার্টি পেয়েছে ২৭টি আসন এবং লিভনির কাদিমা পার্টি পেয়েছে ২৮টি আসন। এখন সেনাসদস্যসহ বাকীদের ভোট গণনার পর ফলাফলে কোনো পরিবর্তন চলে আসলে তা জয়-পরাজয় নির্ধারণে সাহায্য করতে পারে বলে আশা করা হচ্ছে।
এ অবস্থায় মধ্যপন্থি কাদিমা পার্টির বর্তমান পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনি এবং ডানপন্থি লিকুদ পার্টির নেতা বেঞ্জামিন নেতানিয়াহু উভয়ই বিজয় দাবি করে প্রধানমন্ত্রী হওয়া এবং সরকার গঠনের আশা প্রকাশ করেছেন।
লিভনি নিজেকে বিজয়ী দাবি করে পরবর্তী সরকার গঠনের আশা প্রকাশ করেছেন এবং নেতানিয়াহুকে সরকারে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে, নেতানিয়াহু বলেছেন, পার্লামেন্টের "জাতীয়তাবাদী শিবিরের" সমর্থন নিয়ে তার দল সরকার গঠন করবে এবং তিনিই প্রধানমন্ত্রী হবেন।
বিশ্লেষকরা বলছেন, এ নির্বাচনের মধ্য দিয়ে ইসরায়েলের রাজনৈতিক বিভক্তি ফিলিস্তিনের হামাস-ফাতাহ'র বিভক্তির রূপ নিয়েছে। বুধবার ইসরায়েলের সবচেয়ে জনপ্রিয় পত্রিকা 'যেদিওথ আহরনথ' এ লিভনি এবং নেতানিয়াহুর ছবি পাশাপাশি রেখে শিরোনাম লেখা হয় "আমি জিতেছি"।
এখন প্রেসিডেন্ট শিমন পেরেজকে সিদ্ধান্ত নিতে হবে যে, তিনি কাকে সরকার গঠনের আহ্বান জানাবেন। প্রেসিডেন্টের কাছ থেকে আহ্বান পেলে ৪২ দিনের মধ্যে সরকার গঠন করে পার্লামেন্টে আস্থা প্রমাণ করতে হবে লিভনি কিংবা নেতানিয়াহুকে।
তবে ইসরায়েলি গণমাধ্যমে বলা হয়েছে, ডানপন্থি দলগুলো নেতানিয়াহুকে সমর্থন জানালে সরকার গঠনের জন্য তাকেই আহ্বান জানানো ছাড়া উপায় থাকবে না প্রেসিডেন্টের।
সর্বশেষ ফলাফলে দেখা গেছে, নেতানিয়াহুর লিকুদ পার্টিসহ অন্য ডানপন্থি দলগুলো মিলে মোট ৬৪টি আসন পেয়েছে।
তবে, এ নির্বাচনের মধ্য দিয়ে তৃতীয় বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হওয়া আরব-বিদ্বেষী 'ইসরায়েল বেইতেইনু পার্টি' এখন 'কিং মেকারের' ভূমিকায় চলে আসতে পারে বলে মনে করা হচ্ছে। কট্টর ডানপন্থি আভিগডর লিবারম্যান এ দলটির নেতা।
বুধবার তিনি বলেছেন, "আমরা একটি জাতীয়তাবাদী সরকার চাই। আমরা একটি ডানপন্থি সরকার চাই...আর এটা আমরা গোপন করছি না।"
বুধবারই তিনি লিভনি এবং নেতনিয়াহুর সঙ্গে দেখা করলেও তার সমর্থনের বিষয়ে স্পষ্ট করে কিছু জাননানি। তিনি বলেছেন, "তবে সিদ্ধান্তটা খুব সহজ হবে না।"
লিবারম্যানের দলসহ ধর্মীয় দলগুলোর সমর্থন নিয়ে নেতানিয়াহু সরকার গঠন করলে ফিলিস্তিনিদের সঙ্গে কোনো ধরনের শান্তি প্রক্রিয়া সম্ভব হবে না বলে ধরে ধারণা করছেন বিশ্লেষকরা।
নির্বাচনের পর বুধবার ৫৯ বছর বয়সী লিকুদ নেতা নেতানিয়াহু বলেন, "ঈশ্বরের সহায়তায় আমিই সরকারের নেতৃত্ব দেব।"
ওদিকে, উল্লসিত সমর্থকদের উদ্দেশ্যে বক্তৃতা করার সময় লিভনি বলেন,"আমাদের সরকার গঠনের মধ্য দিয়ে ইসরায়েলি জনগণের মুখে আবারও হাসি ফুটবে।"
লিভনি প্রধানমন্ত্রী হলে তিনি হবেন ইসরায়েলের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। এর আগে ঊনিশশো সত্তরের দশকের গোল্ডা মায়ার ইসরায়েলের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনিই ছিলেন বিশ্বের প্রথম নারী সরকার প্রধান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭০০ ঘ.
bdnews24