২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় দাবানলে পোড়া এক শহরে গণমৃত্যুর আশঙ্কা

দাবানলে পুড়ে ছারখার ম্যারিসভিলে শহরের বেঁচে যাওয়া বাসিন্দাদের বুধবারও শহরটিতে ঢুকতে দেয়নি পুলিশ। ছড়িয়ে ছিটিয়ে থাকা পোড়া মৃতদেহ আর ভস্মীভূত বাড়িঘরের ভয়াবহ দৃশ্য দেখে আকস্মিক আঘাতের হাত থেকে বাঁচাতেই এ ব্যবস্থা নিয়েছে পুলিশ। শহরটিতে প্রায় ১০০ জনের মৃত্যুর আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2009, 10:52 AM

Updated : 26 Aug 2022, 11:03 AM

কিংলেক, অস্ট্রেলিয়া, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - দাবানলে পুড়ে ছারখার ম্যারিসভিলে শহরের বেঁচে যাওয়া বাসিন্দাদের বুধবারও শহরটিতে ঢুকতে দেয়নি পুলিশ। ছড়িয়ে ছিটিয়ে থাকা পোড়া মৃতদেহ আর ভস্মীভূত বাড়িঘরের ভয়াবহ দৃশ্য দেখে আকস্মিক আঘাতের হাত থেকে বাঁচাতেই এ ব্যবস্থা নিয়েছে পুলিশ। শহরটিতে প্রায় ১০০ জনের মৃত্যুর আশঙ্কা করছে কর্তৃপক্ষ। ওদিকে, বিভিন্ন শহরাঞ্চলে আর খামারে পুড়ে যাওয়া কয়েকশ বাড়িঘর এবং রাস্তাঘাটে এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা মৃতদেহগুলো থেকে নমুনা সংগ্রহ করে নিহত নাগরিকদের সনাক্ত করার চেষ্টা করছে অস্ট্রেলিয়া পুলিশের ফরেনসিক শাখার সদস্যরা। কিন্তু কিছু কিছু মৃতদেহ এতোটাই পুড়ে গেছে যে তা আর কোনোদিনই হয়তো সনাক্ত করা সম্ভব হবে না। শনিবার রাতে শুরু হওয়া দেশটির স্মরণকালের ভয়বহতম দাবানলে ১৮১ জন নিহত হয়েছে বলে জানানো হয়েছে সরকারি হিসেবে। কিন্তু বেসরকারি গণমাধ্যমের খবরে বলা হচ্ছে নিহতের সংখ্যা ৩০০-তে পৌঁছে যেতে পারে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দাবানলের কবলে পড়া ম্যারিসভিলে নামের ছোট শহরটিতে আরও ১০০ বাসিন্দার প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। শহরটির মাত্র ডজনখানেক বাড়ি দাবানল থেকে রক্ষা পেয়েছে। দমকলকর্মীরা আশঙ্কা করছেন, ওই শহরের ৫১৯ জন বাসিন্দার মধ্যে একশ' জনই নিহত হয়ে থাকতে পারেন। শনিবার রাতে দাবনল বয়ে যাওয়ার ১০ মিনিট আগেও ম্যারিসভিলেতে ছিলেন দমকলকর্মী জন মান্ডি। তিনি বলেন, "নিহতের সংখ্যাটি মারাত্মক পর্যায়ে যাচ্ছে।" মান্ডি বলেন, "মানুষজন আমাদের দমকলের ট্যাংকারের কাছে আকুল মিনতি জানাচ্ছিল। আমরা যাতে তাদের বাড়িঘরে গিয়ে আটকাপড়া লোকজনদের উদ্ধার করি। কিন্তু আমাদের কোনো উপায় ছিল না। কেননা তাহলে তারাসহ আমরা সবাইই মারা পড়তাম।" ভিক্টোরিয়া রাজ্যের প্রধানমন্ত্রী জন ব্রামবি বলেছেন, লোকজনকে মানসিক আঘাত থেকে রক্ষা করতেই শহর থেকে দূরে রাখা হচ্ছে। ওদিকে, রাজ্যের পুলিশ কমিশনার ক্রিস্টিন নিক্সন বলেছেন, তল্লাশি ও উদ্ধার কাজ শেষ করে শহরটি বাসিন্দাদের খুলে দিতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬৪৭ ঘ.