নয়াদিল্লি, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- আগামী সপ্তাহে নিউ ইয়র্কে মহাত্মা গান্ধীর ব্যবহৃত কিছু জিনিসপত্র নিলামে বিক্রির যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা কিনে জাদুঘরে রাখার জন্য ভারতীয়দের কাছে অর্থের আবেদন জানিয়েছেন তার প্রপৌত্র তুষার গান্ধী।
তুষার বলেছেন, প্রপিতামহর স্মৃতিবিজড়িত চশমা, এক জোড়া চপ্পল, একটি পকেট ঘড়ি, একটি থালা-বাটি ক্রেতাদের হাতে চলে যাওয়া ঠেকাতে তিনি অর্থ জোগাড়ের চেষ্টা চালাচ্ছেন। "এসব ভারতের ঐতিহ্য। তা অন্যের হস্তগত হতে দেওয়া যায় না"- বলেন তিনি।
গান্ধীর ওইসব জিনিস নিলামে তোলা হচ্ছে শুনে ভারতীয়দের অনেকই ব্যথিত।
তুষার বলেন, "আমাদের জাতির জনকের স্মৃতি এসব জিনিস। আমাদের অবশ্যই এসব ফেরত আনতে হবে।"
গান্ধীর এসব স্মৃতিবিজড়িত জিনিস তিন লাখ ডলারে বিক্রি হবে বলে উদ্যোক্তরা আশা করছে।
তুষার গান্ধী জানান, মহাত্মা গান্ধীকে জেনিথ ঘড়িটি উপহার দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। আর বিক্রি হতে যাওয়া থালা ও বাটিতে তিনি শেষ আহারটি গ্রহণ করেছিলেন।
তিনি বলেন, "সরকার সহজেই এসব নিদর্শন কিনে নিতে পারে। তবে সাধারণ মানুষের সহায়তায় কেনা হলে তা হবে অনেক বেশি গান্ধীবাদী উদ্যোগ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭২৭ ঘ.
bdnews24