ইস্তাম্বুল, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- আমস্টারডামের বিমানবন্দরে একটি বিশাল বিমানের অবতরণের সময় সৃষ্ট বাতাসের ঘূর্ণিতেই সম্ভবত পরমুহূর্তে অবতরণরত তুর্কি বিমানটি বিধ্বস্ত হয়। তুরস্কের পাইলটদের সংস্থা শুক্রবার বলেছে, তাদের বিবেচনায় বিমানটি খুব সম্ভব এই কারণেই বিধ্বস্ত হয়েছে।
গত বুধবার তুরস্কের বোয়িং ৭৩৭-৮০০ বিমানটি আমস্টারডামের শিফল বিমানবন্দরে অবতরণের জন্য রানওয়ের দিকে এগুনোর সময় কয়েক'শ মিটার দূরে একটি মাঠের মধ্যে বিধ্বস্ত হয়। এতে পাঁচ তুর্কি ও চার আমেরিকান নিহত হয়। নিহতদের মধ্যে তিন পাইলট ও একজন অ্যাটেনডেন্ট রয়েছেন।
টার্কিশ পাইলট অ্যাসেসিয়েশন (টিএএলপিএ) ইস্তাম্বুলে সংবাদ সম্মেলনে জানায়, তুর্কি বিমানটি নামার মাত্র দুই মিনিট আগে একই রানওয়েতে একটি বোয়িং ৭৫৭ বিমান অবতরণ করে। ওই বিশাল বিমানটির ডানা থেকে বের হওয়া বাতাসের বেগে ঘূর্ণি সৃষ্টি হয়।
টিএএলপিএ'র ভাই চেয়ারম্যান মিট ডানে বলেন, তুর্কি বিমানটি নামার সময় এই ঘূর্ণাবর্ত্যে পড়ে বিধ্বস্ত হয়।
তিনি বলেন, শিফলের কন্ট্রোল টাওয়ারের উচিত রানওয়েতে দুটি বিমানের অবতরণের সময়ের ব্যবধান, টাওয়ারের সঙ্গে পাইলটদের কথাবার্তাসহ পুরো বিবরণ প্রকাশ করা উচিত।
হল্যান্ডের সেফটি বোর্ডের একজন মুখপাত্র বলেছেন, তারা বাতাসের ঘূর্ণি ওঠার বিষয়টিও তদন্তের একটি বিষয়ের মধ্যে রেখেছেন।
ফ্রেড সেন্ডার বলেন, "আমরা সম্ভাব্য সব কারণই খতিয়ে দেখছি। বাতাসের বিষয়টি বাদ দিচ্ছি না।"
শিফলের একজন মুখপাত্র দুর্ঘটনার কারণ তদন্ত চলার পর্যায়ে কোন অনুমান নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২০৫৬ ঘ.
bdnews24