২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে মাওবাদীদের দাপট বাড়ছে

ভারতে মাওবাদীদের দাপট দ্রুত বাড়ছে। দরিদ্রদের প্রতি আবেদনকে কাজে লাগিয়ে বিদ্রোহী তৎপরতা চালিয়ে যাচ্ছে মাওবাদীরা। ফলে এই তৎপরতা ঠেকাতে অপারগ হয়ে পড়ছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2009, 03:48 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

নয়া দিল্লি, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ভারতে মাওবাদীদের দাপট দ্রুত বাড়ছে। দরিদ্রদের প্রতি আবেদনকে কাজে লাগিয়ে বিদ্রোহী তৎপরতা চালিয়ে যাচ্ছে মাওবাদীরা। ফলে এই তৎপরতা ঠেকাতে অপারগ হয়ে পড়ছে সরকার। ভারতীয় মাওবাদীদের এ মুহূর্তে প্রায় ২২ হাজার সশস্ত্র সদস্য রয়েছে এবং দেশের ৬৩০টি জেলার মধ্যে ১৮০টিতে তারা কর্মকাণ্ড চালাচ্ছে। অথচ ২০০১ সালে তাদের কর্মকাণ্ড মাত্র ৫৬টি জেলায় সীমাবদ্ধ ছিল। সরকারি তথ্য এবং চলতি সপ্তাহে প্রকাশিত 'ইন্সস্টিটিউট ফর কনফ্লিক্ট ম্যানেজমেন্ট' (আইএফসিএম) এর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে। ভারতের 'কাউন্টার টেরররিজম অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার কলেজ' এর প্রধান বি কে পনওয়ার রয়টার্সকে বলেন, "নিরাপত্তা হুমকির গতি-প্রকৃতি পরিবর্তন হচ্ছে, এবং দেশের আরও বিভিন্ন অঞ্চলে মাওবাদীদের কর্মকাণ্ড আরও ছড়িয়ে পড়ায় আগের যে কোনো সময়ের চেয়ে এই হুমকি এখন আরও বৃদ্ধি পেয়েছে। এটা খুবই উদ্বেগের বিষয়।" তিনি আরও বলেন, "মাওবাদীদের এই হুমকি আমাদের এ মুহূর্তে অবশ্যই মোকাবেলা করতে হবে। তা না হলে দুই বছরের মধ্যে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।" মাওবাদীদের এই উত্থানকে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। আগামী মে মাসের নির্বাচনের আগে এ বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠতে যাচ্ছে। প্রধান বিরোধীদল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) জানিয়েছে, মাওবাদীদের দমনে শাসক দলের কোনো পরিকল্পনা নেই এবং পুলিশও অস্ত্রশস্ত্রের দিক দিয়ে খুবই খারাপ অবস্থায় আছে। পুলিশ এবং গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, শত শত গরিব মানুষকে মাওবাদীরা এখন তাদের বাহিনীতে ভেড়াচ্ছে। এছাড়া তারা সয়ংক্রিয় অস্ত্র, রকেট লঞ্চার, মাইন ও বিস্ফোরকে নিজেদের সজ্জিত করছে। মাওবাদীরা দাবি করে থাকে তারা দেশের দরিদ্র ভূমিহীন কৃষক এবং শ্রমিক শ্রেণীর আধিকার আদায়ে লড়ছে। গোয়েন্দা দপ্তর জানিয়েছে, দেশের ২৯টি রাজ্যের মধ্যে এখন ২২টি রাজ্যে মাওবাদীরা কর্মকাণ্ড চালাচ্ছে। ১৯৬০ এর দশকে মাওবাদী অভ্যুত্থানের পর থেকে বিভিন্ন সহিংসতায় এ পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। গত বছরই এক হাজারের বেশি মাওবাদী হামলার ঘটনা ঘটেছে। এ সমস্ত ঘটনায় দুইশ'র বেশি নিরাপ্তা কর্মকর্তা এবং তিন শতাধিক বেসামরিক মানুষ নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২১১০ ঘ.