২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকার যুদ্ধাঞ্চলে তামিল টাইগারদের গুলিতে ১৯ জন নিহত

শ্রীলংকার সেনাবাহিনী মঙ্গলবার জানিয়েছে, যুদ্ধাঞ্চল থেকে পালানোর সময় ১৯ জনকে গুলি করে হত্যা করেছে তামিল টাইগাররা। পরে তাদের মৃতদেহ এক হাজারেরও বেশি মানুষের সামনে দিয়ে টেনে নিয়ে গেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2009, 12:50 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

কলম্বো, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রীলংকার সেনাবাহিনী মঙ্গলবার জানিয়েছে, যুদ্ধাঞ্চল থেকে পালানোর সময় ১৯ জনকে গুলি করে হত্যা করেছে তামিল টাইগাররা। পরে তাদের মৃতদেহ এক হাজারেরও বেশি মানুষের সামনে দিয়ে টেনে নিয়ে গেছে তারা। যুদ্ধাঞ্চল থেকে বেসামরিক লোকজনের পালিয়ে আসার সংখ্যা গত সপ্তাহে আরও বেড়েছে। সেনাবাহিনী জানিয়েছে, একটি শরণার্থী নিবন্ধন কেন্দ্রে সোমবার আত্মঘাতী হামলায় বেসামরিক এবং সেনাসদস্য মিলিয়ে ২৯ জন নিহত এবং আরও ৯০ জন আহত হওয়ার পর আরও বেশি সংখ্যক মানুষ পালিয়ে আসছে। ওই হামলার জন্য 'লিবারেশন টাইগারস অব তামিল ইলম' বা (এলটিটিই)কে দায়ী করেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর মুখপাত্র উদয় নানায়াক্কারা জানিয়েছেন, পালিয়ে আসা লোকজন তাদের জানিয়েছে, পালিয়ে আসার সময় বিদ্রোহিরা অনেককে গুলি করে মেরেছে। তিনি বলেন, "আজ মোট এক হাজার ৫৭ জন পালিয়ে এসেছে। পালিয়ে আসার সময় এলটিটিই তাদের ওপর গুলি চালায়। এতে ১৯ জন নিহত এবং আরও ৬৯ জন আহত হয়েছে।" গেরিলা আর সেনাদের যুদ্ধ এখন উত্তর-পূর্বের জঙ্গলের মাত্র ৬৭ বর্গমাইল এলাকায় কেন্দ্রীভূত হয়ে আছে। সেনাবাহিনী বলছে, তামিল টাইগাররা সেখানে ঘেরাও হয়ে রয়েছে। হাজার হাজার বেসামরিক লোকও আটকা পড়ে আছে সেখানে। শ্রীলংকার সরকারের পাশাপাশি অনেক দেশও বলছে, তামিল টাইগাররা তাদের চলে যেতে না দেওয়ায় তাদের জীবনে ভয়ানক হুমকি সৃষ্টি হয়েছে। লোকজনকে যুদ্ধাঞ্চলে থাকতে বাধ্য করার জন্য এলটিটিইকে অভিযুক্ত করেছে সরকার, মানবাধিকার সংগঠন এবং ত্রাণ সংস্থাগুলো। সাহায্য সংস্থাগুলোর মতে, যুদ্ধাঞ্চলে আটকা পড়ে আছে প্রায় আড়াই লাখ মানুষ। তবে শ্রীলংকা সরকারের দাবি আটকে পড়াদের সংখ্যা এর অর্ধেক। প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে গত সপ্তাহে জানিয়েছেন, বেসামারিক লোকজনের নিরাপত্তা নিশ্চিত করেই সেনা অভিযান চলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮৪৫ ঘ.