ইসলামাবাদ, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারত পাকিস্তানকে পাল্টা জবাব দিলে ভারতে মুম্বাইয়ের সন্ত্রাসী হামলার মতো আরও হামলার হুমকি দিয়েছেন আল-কায়েদার এক কমান্ডার। বিবিসি একথা জানিয়েছে।
বিসিবিকে পাঠানো এক ভিডিও টেপে আফগানিস্তানে আল-কায়েদা অভিযানের কমান্ডার মুস্তফা আবু আল-ইয়াজিদ বলেন, "ভারতের জানা থাকা উচিত যে, পাকিস্তানে হামলা চালালে তাদেরকে চরম মূল্য দিতে হবে।"
তিনি আরও বলেন, "আমাদের মুজাহিদিনরা ভারতীয় সেনাদের মাটিতেই পিষে মারবে, যেমনটি ঘটেছিল আফগানিস্তানে রাশিয়ার সেনাদের ভাগ্যে।"
বিবিসি জানিয়েছে, ইয়াজিদ মুম্বাই হামলার দায় স্বীকার করেননি বা কারা ওই হামলা চালিয়েছিল সে বিষয়েও কিছু জানাননি। তবে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি সরকারের পতন ঘটাতে আন্দোলন শুরু করার জন্য ইয়াজিদ পাকিস্তানিদের প্রতি আহ্বান জানিয়েছেন।
গত বছরের আগস্টে পাকিস্তানি টেলিভিশন চ্যানেলগুলো জানিয়েছিল, বাজাউরের আদিবাসী অঞ্চলে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে আবু আল-ইয়াজিদ নিহত হয়েছেন।
ুগত নভেম্বরে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে জঙ্গি হামলায় দুই প্রতিবেশী দেশ ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে। ওই হামলায় কমপক্ষে ১৭৯ জন নিহত হয়। এর পর পাকিস্তানের সঙ্গে চলতে থাকা শান্তি আলোচনা বন্ধ করে দিয়েছে ভারত।
ভারত ওই হামলার জন্য পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ সংগঠন লস্কর-ই- তৈয়্যবাকে দায়ী করে আসছে এবং এর পরিকল্পনাকারীরা পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থা আইএসআইএ এর লোক এবং এরা আইএসআই এরই সৃষ্টি বলে দাবী করেছে।
সরকারি কোনো সংস্থার জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে পাকিস্তান এবং ভারত থেকে সরবরাহিত তথ্য-প্রমাণ যাচাই করে দেখা হচ্ছে বলেও তারা জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮০৫ ঘ.
bdnews24