মুম্বাই, ফেব্র"য়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ সোমবার একটি হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষ এড়াতে সক্ষম হওয়ায় রক্ষা পেয়েছে এর প্রায় দেড়শ যাত্রী। মুম্বাই বিমানবন্দর থেকে উড়োজাহাজটির উড্ডয়নের সময় একই রানওয়েতে অবস্থান করছিল ভারতের প্রেসিডেন্টের সফরবহরের একটি হেলিকপ্টার।
প্রেসিডেন্ট প্রতিভা পাতিল সেসময় হেলিকপ্টারটিতে ছিলেন না।
বিমানবন্দরের মুখপাত্র মনীশ কালঘাটজি বলেন, "রানওয়েতে হেলিকপ্টারটিকে দেখে দিল্লিগামী উড়োজাহাজের পাইলট উড্ডয়ন বাতিল করতে জরুরি ব্রেক চাপেন এবং দমকলের গাড়িগুলো রানওয়েতে ছুটে যায়। পাইলট উড়োজাহাজটি থামিয়ে ফেলতে সক্ষম হন।"
তিনি জানান, যাত্রীদের অন্য একটি উড়োজাহাজে করে দিল্লি পাঠিয়ে দেওয়া হয়েছে।
প্রেসিডেন্ট প্রতিভা পাতিল তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে মুম্বাই আসেন এবং তার বহরের একটি হেলিপ্টারের সঙ্গে ঘটতে যাচ্ছিল এই দুর্ঘটনা।
ভারতীয় বিমানবাহিনীর একজন মুখপাত্র মহেশ উপাসানি স্থানীয় টেলিভিশন সিএনএন-আইবিএন'কে বলেন, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১৪৫ ঘ.
bdnews24