ওয়াশিংটন, ফেব্র"য়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- যুক্তরাষ্ট্রে গত মাসে নিয়োগকর্তারা ছেঁটে ফেলেছেন পাঁচ লাখ ৯৮ হাজার কর্মী। ৩৪ বছরের মধ্যে এ চিত্র সবচেয়ে ভয়াবহ। মহাশক্তিধর দেশটিতে লোকজনের চাকরি হারানোর হার বেড়ে ৭ দশমিক ৬ শতাংশে দাঁড়িয়েছে। মার্কিন অর্থনীতির মন্দা আরও ঘনীভূত হওয়ার লক্ষণ ফুটে উঠেছে শুক্রবার প্রকাশিত শ্রম দপ্তরের এ রিপোর্টে। (আরও তথ্যসহ)
অর্থনীতি দুর্বল হয়ে পড়ায় বিক্রি ও মুনাফা কমে যাওয়ার শঙ্কায় নিয়োগকর্তারা ডিসেম্বর মাসে ছাঁটাই করেছিলেন ৫ লাখ ২৪ হাজার কর্মী।
ওয়াল স্ট্রিটের অর্থনীতিবিদদের ধারণাকেও ছাড়িয়ে গেছে জানুয়ারি মাসের ছাঁটাইয়ের সংখ্যা। তারা ছাঁটাই হওয়ার সংখ্যা
৫ লাখ ২৫ হাজার হতে পারে বলে রয়টার্স পরিচালিত জরিপে জানিয়েছিলেন। ১৯৭৪ সালের পর এক মাসে এত বেশি লোকের চাকরি হারানোর ঘটনা আর ঘটেনি। শতাংশের হিসাবে ১৬ বছরের মধ্যে সবচেয়ে বেশি। '৭৪ সালের ডিসেম্বরে চাকরি হারিয়েছিল ৬ লাখ ২ হাজার জন।
অর্থনীতি পুনরুদ্ধারে পেসিডেন্ট বারাক ওবামা ৯ শ' বিলিয়ন ডলারের যে বিল পাশ করার জন্য কংগ্রেসকে চাপ দিচ্ছেন, এ পরিসংখ্যান হাতে পাওয়ায় সে চাপ নিশ্চিতই আরও জোরালো করে তুলবেন তিনি।
রিপোর্টটি প্রকাশ হওয়ার পর ওয়াশিংটনে টেম্পাস কনসাল্টিংয়ের বাণিজ্যবিষয়ক ভাইস প্রেসিডেন্ট গ্রেগ সালভেগিও বলেন, "অর্থনীতি ধ্বংসের পথে যাচ্ছে, আরও খারাপের দিকে যাবে পরিস্থিতি।"
জানুয়ারির এই ছাঁটাইয়ের সংখ্যা যোগ হওয়ায় ২০০৭ সালের ডিসেম্বরে মন্দা শুরুর পর যুক্তরাষ্টে চাকরি হারানোর সংখ্যা দাঁড়ালো ৩৬ লাখে। দেশটির শ্রম-পরিসংখ্যান বিভাগের কমিশনার কিথ হল এই তথ্য জানিয়ে বলেছেন, "এদের অর্ধেকই ছাঁটাই হয়েছেন গত তিন মাসে।"
জানুয়ারিতে চাকরি হারানোর মধ্যে কল-কারখানার কর্মীই সবচেয়ে বেশি- ২ লাখ ৭ হাজার জন। নির্মাণ খাতে চাকরি গেছে ১ লাখ ১১ হাজার লোকের।
শ্রম বাজারে জানুয়ারি মাসের এ চিত্র দেখে বিশ্লেষকদের অনেকে দিগন্তে কোন আলোকছটা দেখছেন না। বোস্টনের ইটন ভ্যান্স ম্যানেজমেন্টের প্রধান অর্থনীতিবিদ রবাট ম্যাকিনটোশ বলেন, "আমরা যে গভীর ও দীর্ঘস্থায়ী মন্দায় পতিত হয়েছি রিপোর্টটি তার আরেক প্রমাণ। সংকটের গভীরতা এতটাই যে এর তলও দেখা যাচ্ছে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১২৮ ঘ.
bdnews24