ওয়াশিংটন, ফ্রেব্র"য়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- অর্থনীতি পুনরুদ্ধার বিল নিয়ে আলোচনার সময় শেষ। এখন অবিলম্বে এই বিল পাসের পদক্ষেপ না নিলে যুক্তরাষ্ট্রের সঙ্কটাপন্ন অর্থনীতি বিপর্যয়ে রূপ নেবে বলে বৃহস্পতিবার কংগ্রেসকে সতর্ক করে দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
ওবামা ১৬ ফেব্র"য়ারির মধ্যে অর্থনীতি পুনরুদ্ধার বিল পাস করাতে চান। জ্বালানি মন্ত্রণালয়ে এক বক্তব্যে ওবামা বলেন, " আলোচনার সময় শেষ। এখন কাজে নামার সময়।"
তিনি আরও বলেন, "আমি কংগ্রেসের ডেমোক্র্যাট ও রিপাবলিকান সব সদস্যদেরকেই এ মুহূর্তে উঠে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।"
ভার্জিনিয়ার উইলিয়ামসবার্গে মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটদের সঙ্গে বৈঠকে ওবামা হুঁশিয়ার করে দিয়ে বলেন, "আমরা যুক্তরাষ্ট্রের অর্থনীতি পুনরুদ্ধার ও পুনর্বিনিয়োগ বিল স্বাক্ষর করে অবিলম্বে এটিকে আইনে পরিণত করার পদক্ষেপ না নিলে দেশের সঙ্কটাপন্ন অর্থনীতি বিপর্যয়ের মুখে পড়বে।"
মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা হ্যারি রীড বৃহস্পতিবার আকস্মিকভাবে ৯৩৭ বিলিয়ন ডলারের অর্থনীতি পুনরুদ্ধার বিল নিয়ে বিতর্ক বন্ধ করে দেন। তবে আইনপ্রণেতারা শুক্রবার বিলটি নিয়ে কাজ শুরু করবে এবং এটি পাস করবে বলে জানান তিনি।
বিলটি সংশোধন করা নিয়ে তৃতীয় দিনের বিচার বিবেচনার পর রীড শুক্রবারের মধ্যে বিলটি পাসের আশা প্রকাশ করেন। ওদিকে, ওবামাও সিনেট এবং প্রতিনিধি পরিষদের সদস্যদের প্রতি মতবিভেদ দূর করে চূড়ান্ত বিল আগামী সপ্তাহ বা এ সময়ের মধ্যেই তার কাছে পাঠানোর আহ্বান জানান।
রেইড বলেছেন, শুক্রবার এ ব্যপারে কোনও অগ্রগতি না হলে রোববার বিলটির ওপর ভোটাভুটির জন্য তিনি একটি প্রস্তাব দেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২২০ ঘ.
bdnews24