জেরুজালেম, ফেব্র"য়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইসরায়েলি নৌবাহিনী বৃহস্পতিবার ত্রাণসামগ্রী নিয়ে গাজা অভিমুখী একটি জাহাজ অবরোধ করে সেটিকে ইসরায়েলের নিকটবর্তী ভূমধ্যসাগরীয় একটি বন্দরে যাওয়ার নির্দেশ দিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক একথা জানিয়েছেন। জাহাজের এক সাংবাদিক জানিয়েছেন, ইসরায়েলি সেনারা জাহাজে উঠে সব নাবিক ও লোকজনকে বেদম পিটিয়েছে।
বারাক ইসরায়েলি বেতারে বলেন, "নৌ সেনারা জাহাজটিতে উঠে সেটিকে থামানোর পর আশদদ বন্দরে নিয়ে আসছে।"
দোহাভিত্তিক আল-জাজিরা টেলিভিশন জাহাজে থাকা সালাম খোদার নামে এক সাংবাদিকের উদ্ধৃতি দিয়ে জানায়, ইসরায়েলি নৌবাহিনী গুলিও ছুড়েছে।
তিনি বলেন, "তারা আমদের দিকে গুলি ছুড়ছে। ... জাহাজে ইসরায়েলি সেনাও উঠে পড়েছে।"
খোদর বলেন, "তাদের তিনজন আমাদের দিকে অস্ত্র তাক করে রেখেছে। জাহাজে থাকা সবাইকে পিটাচ্ছে তারা। আমাদের মারধর করছে, লাথি মারছে।"
লেবাননের প্রধানমন্ত্রী ফুয়াদ সিনিওরা ইসারায়েলের এই কর্মের তীব্র নিন্দা জানিয়েছেন।
তিনি বলেন, "যারা লেবানন ও গাজায় নিরীহ সাধারণ মানুষ হত্যায় মেতে উঠেছিল, তাদের পক্ষে সম্ভব নয় মারধর-হামলা বন্ধ করা। তারা বিশ্ববাসীর সামনে মানবিক সাহয্যভর্তি একটি জাহাজের লোকজনকে পিটিয়েছে।"
"আমি এই নির্বোধ হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।"
ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র অবশ্য দাবি করেছেন, জাহাজটির নিয়ন্ত্রণ নেওয়ার সময় কোন গুলি ছোড়া হয়নি। তিনি জানান, জাহাজটির ২০ যাত্রীর বেশিরভাগই গণমাধ্যমের লোক।
আফ্রিকার দেশ টোগোতে নিবন্ধন করা মালবাহী জাহাজটি লেবানন থেকে ত্রাণসামগ্রী নিয়ে সাইপ্রাস বন্দরে থামার পর গাজায় যাচ্ছিল।
গাজায় ২২ দিন ধরে চলা ইসরায়েলি আগ্রাসন থামার দুই সপ্তাহ পর এই প্রথম একটি জাহাজ ত্রাণসামগ্রী নিয়ে সেখানে যাচ্ছিল।
দুটি গানবোটের পাহারায় জাহাজটিকে উত্তরদিকে নিয়ে যাওয়ার দৃশ্য বৃহস্পতিবার গাজা সিটি থেকেও দেখা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১১৫ ঘ.
bdnews24