নয়াদিল্লি, ফেব্র"য়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নির্বাচনে জয়লাভের চিন্তা কিংবা অভ্যন্তরীণ রাজনীতির বাধ্যবাধকতার উদ্বেগ কাটিয়ে রাজনীতিবিদরা কঠোর সিদ্ধান্ত না নিলে কোপেনহেগেনে জলবায়ু পরিবর্তন রোধ চুক্তি করা সম্ভব নাও হতে পারে। জাতিসংঘের মহাসচিব বান কি মুন বৃহস্পতিবার একথা বলেছেন।
বান বলেন, বিশ্ব অর্থনীতির ধস বিদ্যমান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অজনপ্রিয় সিদ্ধান্ত নেওয়া রাজনৈতিক নেতাদের জন্য আরও কঠিন হয়ে পড়েছে।
নয়াদিল্লিতে টেকসই উন্নয়ন বিষয়ক একটি সম্মেলনে বান বলেন, "যত যাই হোক না কেন রাজনীতিবিদরা প্রথমেই নির্বাচিত হওয়াকে প্রাধান্য দেয়। কিন্তু তাদের এই প্রবণতা জয় করে ব্যক্তিগত রাজনৈতিক নেতৃত্বের উর্ধ্বে উঠতে হবে এবং একজন বিশ্ব নেতা হিসাবে নেতৃত্বের স্ফুরণ ঘটাতে হবে।"
বান আরও বলেন, "রাজনৈতিক নেতাদের সবসময়ই স্পষ্টত কিছু রাজনৈতিক ঝুঁকি থাকে, যা তারা এড়াতে চায়। বিশ্ব অর্থনৈতিক সঙ্কট ও মন্দার মধ্যে রাজনীতিবিদদের রাজনৈতিক মনঃস্তত্ব হচ্ছে, এ সময় তারা ভোটারদের কাছে খুবই দুর্বল অবস্থানে থাকে।"
জলবায়ু পরিবর্তন রোধের লড়াইয়ে অর্থনৈতিক মন্দার প্রভাবের কারণে ধনী দেশগুলো থেকে শুরু করে উন্নয়নশীল অনেক দেশই গ্রিনহাউস গ্যাস বেশি হারে কমানোর পদক্ষেপ নিতে চাইছে না।
দূষণের দিক দিয়ে বিশ্বের ৪র্থ বৃহত্তম দেশ ভারত। ভারতের মতো দেশগুলোতে নির্বাচনী ইস্যু হিসাবে জলবায়ু পরিবর্তনের বিষয়টি তেমনভাবে সামনে আসে না এবং রাজনৈতিক দলগুলোর কর্মসূচিতেও এর তেমন উল্লেখ থাকে না।
বান কোপেনহেগেনে জলবায়ু পরিবর্তন রোধ চুক্তিকে বাস্তবে রূপ দিতে ভারতের রাজনৈতিক নেতাদেরকে অভ্যন্তরীণ রাজনীতির উর্ধ্বে ওঠার আহ্বান জানান।
উল্লেখ্য, কিয়োটো প্রটোকলের জায়গায় আরেকটি ব্যাপকভিত্তিক জলবায়ু পরিবর্তন রোধ চুক্তি করার চেষ্টা নিয়েছে বিশ্বের প্রায় ১৯০ টি দেশ। এই চুক্তির আওতায় সম্পদশালী দেশগুলোই কেবল ২০০৮ সাল থেকে ২০১২ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমণ হ্রাসের লক্ষ্য পূরণে বাধ্য থাকবে।
কোপেনহেগেনে নতুন এই চুক্তি হওয়ার কথা ডিসেম্বরের মধ্যে। বান বলেন, এর সফলতা নির্ভর করছে রাজনৈতিক নেতারা প্রধান চ্যালেঞ্জগুলোতে কিভাবে সাড়া দেন তার ওপর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এমএইচবি/২০৪৬ ঘ.
bdnews24