তেহরান, ফেব্র"য়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরান প্রথমবারের মতো নিজেদের তৈরী কৃত্রিম উপগ্রহ সফলভাবে কক্ষপথে পাঠাতে সক্ষম হয়েছে মঙ্গলবার। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন একথা জানিয়েছে। (আরও তথ্যসহ)
ইরানের তৈরী এ কৃত্রিম উপগ্রহটির নাম 'হোপ'। যে রকেটের মাধ্যমে কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়েছে তাও ইরানেরই তৈরী। উৎক্ষেপক রকেটটির নাম 'সাফির।'
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, "অবরোধের মধ্যেও ইরানি বিজ্ঞানীদের আরেকটি সাফল্য হিসেবে ইরান তার ঘরে তৈরী 'হোপ' কৃত্রিম উপগ্রহ কক্ষপথে পাঠাতে সক্ষম হয়েছে।"
খবরে আরও বলা হয়, "কৃত্রিম উপগ্রহটি ইরানের তৈরী উৎক্ষেপক রকেট সাফির এর সাহায্যে কক্ষপথে পাঠানো হয়েছে।"
টেলিভিশনের খবরে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের দৃশ্য দেখানো হয়।
পরমাণু কর্মসূচী নিয়ে তৃতীয় দফায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে ইরান।
"পি ফাইভ প্লাস ওয়ান" হিসেবে পরিচিত নিরাপত্তা পারিষদের পাঁচ স্থায়ী সদস্য এবং জার্মানি দেশটির বিরুদ্ধে চতুর্থ দফা অবরোধ আরোপের জন্য আলাপ আলোচনা করছিল। কিন্তু ইরান বরাবরই বলে আসছে যে, তার পরমাণূ কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং তা কেবল জ্বালানি স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যেই পরিচালিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১২৩১ ঘ.
bdnews24