২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লবণাক্ত হচ্ছে গঙ্গা, তীরে গরান গাছ

বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সমুদ্র স্তর বাড়তে থাকায় সাগরের পানি ঢুকে লবণাক্ত হয়ে পড়ছে ভারতের সবচেয়ে বড় গঙ্গা নদী। এতে হুমকির মুখে নদীটির প্রাণ-পরিবেশ। মরুময় হয়ে যাচ্ছে দেশের পূর্বাঞ্চলের বিস্তীর্ণ কৃষিজমি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2009, 03:38 PM

Updated : 26 Aug 2022, 11:01 AM

কলকাতা, ফেব্র"য়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সমুদ্র স্তর বাড়তে থাকায় সাগরের পানি ঢুকে লবণাক্ত হয়ে পড়ছে ভারতের সবচেয়ে বড় গঙ্গা নদী। এতে হুমকির মুখে নদীটির প্রাণ-পরিবেশ। মরুময় হয়ে যাচ্ছে দেশের পূর্বাঞ্চলের বিস্তীর্ণ কৃষিজমি। ভারতের জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষজ্ঞ প্রণব সান্যাল সোমবার এই সতর্কবার্তা দিয়েছেন। 'ন্যাশনাল কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটি' (এসসিজেডএমএ)'র পূর্ব ভারতীয় প্রতিনিধি সান্যাল বলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে, গঙ্গা নদীর তীরে বিস্ময়করভাবে গরান গাছ জন্মাচ্ছে। এটি লবণাক্ততা বাড়ার লক্ষণ। এতে করে কলকাতার ভূগর্ভস্থ পানি লবণাক্ত হয়ে পড়বে এবং আশেপাশের পল্লী এলাকার কৃষিজমি মরুময় হয়ে যাবে। বিশ্বে প্রতিবছর গড়ে ২ মিলিমিটার হারে সমুদ্রস্তর বাড়ছে। আর বঙ্গোপসাগরের কিছু কিছু অংশে সমুদ্রস্তর বছরে ৩ দশমিক ১৪ মিলিমিটার করে বাড়ছে। এতে হুমকির মুখে পড়েছে পূর্ব-ভারতের নিম্নাঞ্চল। জলবায়ু বিশেষজ্ঞরা গত বছর সতর্ক করে দিয়ে বলেছিলেন, বিশ্বে তাপমাত্রা বাড়তে থাকায় জনবহুল ভারতীয় উপমহাদেশে এর অত্যন্ত ক্ষতিকর প্রভাব পড়বে। দেখা দেবে বন্যা, ঝড়, রোগ এবং অনাহারের মতো মারাত্মক সব প্রাকৃতিক বিপর্যয়। কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মহাসমুদ্রবিদ্যা বিভাগ এবং জলবায়ু বিশেষজ্ঞ সান্যাল তাদের গবেষণায় গঙ্গা নদীর তীরে বিরল গরান গাছ চিহ্নিত করেছেন। এই নদীর তীরে কলকাতার ১ কোটি ২০ লাখ লোকের বাস। স্যানাল বলেন, কলকাতায় নদীর তীরে গরান গাছ জন্মাতে দেখে আমরা বিস্মিত। এটি উদ্বেগের ব্যাপার। গরান গাছ সাধারনত সুন্দরবনের জলাভূমিতে দেখা যায়। বিশ্ববিদ্যালয় জানিয়েছে, সমুদ্র একবার কলকাতার উত্তর প্রান্ত পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তিনি বলেন, ৬৫০০ বছর আগে যা ঘটেছিল তা আবারও ঘটতে পারে বলে আমরা শঙ্কিত। তাছাড়া, আমরা ইতোমধ্যেই লবণ পানির কিছু মাছ নদীতে পেয়েছি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এমএইচবি/২০৪৯ ঘ.