কান্দাহার, ফেব্র"য়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের উরুজগান প্রদেশে এক পুলিশ কম্পাউন্ডে সোমবার আত্মঘাতী বোমা হামলায় ২১ পুলিশ নিহত ও ৮ জন আহত হয়েছে। আফগান সরকার একথা জানিয়েছে।
উরুজগান প্রদেশের পুলিশ প্রধান জুমা গুল হেমাত রয়টার্সকে জানান, প্রাদেশিক রাজধানী তিরিন কোটের একটি পুলিশ কম্পাউন্ডে ওই ঘটনা ঘটেছে। হামলাকারী পুলিশের পোশাক পরে কম্পাউন্ড ঢুকে দেহের সঙ্গে লাগানো বোমার বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানান তিনি।
আফগান স্বরাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, "হামলায় ২১ পুলিশ নিহত হয়েছে এবং আরও আটজন আহত হয়েছে।"
তালেবান বিদ্রোহিরা এ হামলার দায় স্বীকার করেছে।
ওদিকে, উরুজগানের অন্য একটি এলাকায় আত্মঘাতী হামলাকারী সন্দেহে সোমবার সেনারা তিনজনকে গ্রেপ্তার করেছে বলে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ উরুজগানে তালেবানরা অনেক বেশি সক্রিয়।
যুক্তরাষ্ট্রের আগ্রাসনে তালেবানরা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আফগানিস্তান থেকে বিদেশি সেনা বিতাড়িত করতে আইন-শৃঙ্খলা বাহিনী ও বিদেশি বাহিনীর ওপর হামলা চালাচ্ছে তালেবানরা।
উরুজগান প্রদেশে ন্যাটো সহযোগী দেশ ডাচ ও অস্ট্রেলীয় সেনা মোতায়েন আছে এবং যুক্তরাষ্ট্র নতুন করে আফগানিস্তানে অতিরিক্ত প্রায় ২৫ হাজার সেনা পাঠানোর কথা বিবেচনা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬১৮ ঘ.
bdnews24