ইয়াঙ্গুন, ফেব্র"য়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জাতিসংঘের বিশেষ দূত ইব্রাহিম গাম্বারির সঙ্গে সোমবার দেখা করেছেন মিয়ানমারের অন্তরীন বিরোধী দলীয় নেত্রী আং সান সু চি। সু চির রাজনৈতিক দল 'ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি' একথা জানিয়েছে।
দলটির কর্মকর্তারা জানায়, গাম্বারির সঙ্গে এক ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেছেন সু চি। বৈঠকে দলের উর্ধ্বতন নেতারাও উপস্থিত ছিলেন বলে জানিয়েছে তারা।
তবে, বৈঠকে ঠিক কী আলোচনা হয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। সামরিক জান্তার সঙ্গে সু চি'র নেতৃত্বাধীন মিয়ানমারের প্রধান রাজনৈতিক দলের সংলাপের মাধ্যমে অচলাবস্থা কাটিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের লক্ষ্যে সমঝোতা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন জাতিসংঘ দূত গাম্বারি।
এ নিয়ে সপ্তম দফায় মিয়ানমার সফর করছেন গাম্বারি। এর আগের ছয়টি সফরে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি না হওয়ায় এবারও সু চি'র সঙ্গে বৈঠকে সফলতার আশা ক্ষীণ। যদিও আগেরবারের তুলনায় এবার ভালো ফল পেয়েছেন গাম্বারি।
গাম্বারির ষষ্ঠ সফরের সময় তার সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানিয়েছিলেন সু চি। বিশ্লেষকদের ধারণা, ২০১০ সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠানে সামরিক জান্তার প্রস্তাবে জাতিসংঘের সম্মতির মনোভাবের কারণে তার ক্ষোভ প্রকাশের জন্যই গাম্বারির সঙ্গে দেখা করেননি সু চি।
থান শ'র নেতৃত্বাধীন জান্তা সরকার মিয়ানমারের ভবিষ্যৎ রাজনৈতিক সংস্কারের ভিত্তি হিসেবে ২০১০ সালে একটি সাধারণ নির্বাচন চাইছে। কিন্তু সু চি'র দলের দাবি, নতুন নির্বাচন নয়, ১৯৯০ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের ফলাফলের ওপর ভিত্তি করেই দেশটিতে একটি গণতান্ত্রিক সরকার কাঠামো প্রতিষ্ঠিত হতে পারে এবং ভবিষ্যৎ রাজনৈতিক প্রক্রিয়া এগিয়ে যেতে পারে।
১৯৯০ সালে সু চি'র দল বিপুল ভোটে জয়ী হলেও দেশটির সেনাবাহিনী তাকে সরকার গঠন করতে দেয়নি। বরং তাকে বন্দি করে অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে নেয়। ১৯৬২ সাল থেকে বেশিরভাগ সময়ই দেশটি সামরিক শাসনে ছিল।
থান শ'র জান্তা সরকার তাদের প্রস্তাবিত সাত ধাপের 'গণতন্ত্রের রোডম্যাপ' এর সর্বশেষ ধাপ হিসেবে ২০১০ সালে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। গত বছর বহুল বিতর্কিত এক গণভোটের মাধ্যমে দেশটিতে সামরিক নিয়ন্ত্রণের নিশ্চয়তাসহ একটি নতুন সংবিধান চালু করেছে জান্তা সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৫৪৬ ঘ.
bdnews24