২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসল্যান্ডে ইউরোপের প্রথম প্রকাশ্য সমকামী সরকার প্রধান

প্রকাশ্যে সমকামী হিসেবে পরিচিত ইউরোপের এমন প্রথম সরকার প্রধান হিসেবে রোববার আইসল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ইওহানা সিগারডারডট্টির। আগামী মে মাসে নির্বাচন হওয়ার আগ পর্যন্ত তিনি দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2009, 07:20 AM

Updated : 26 Aug 2022, 11:01 AM

ঢাকা, ২ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি)-- প্রকাশ্যে সমকামী হিসেবে পরিচিত ইউরোপের এমন প্রথম সরকার প্রধান হিসেবে রোববার আইসল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ইওহানা সিগারডারডট্টির। আগামী মে মাসে নির্বাচন হওয়ার আগ পর্যন্ত তিনি দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। রিকইয়াভিক আসনে ১৯৭৮ সাল থেকে টানা আটবার আলথিং (আইসল্যান্ডের পার্লামেন্ট) সদস্য নির্বাচিত হয়েছেন সিগারডারডট্টির। সিগারডারডট্টিরের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া সমকামীদের অধিকার আদায়ের আন্দোলনে এক বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। ইউরোপে এ পর্যন্ত কোনো সমকামী প্রধানমন্ত্রী হলেও তারা তা গোপন করার যথাসাধ্য চেষ্টা করেছেন। তবে বিদেশে আলোচনার বিষয়বস্তু হলেও আইসল্যান্ডের বেশিরভাগ মানুষের মনে এ নিয়ে বিশেষ কোনো বিকার দেখা যাচ্ছে না। সিগারডারডট্টিরের দল সোশ্যাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের মহাসচিব স্কুলি হেলগেসন বলেছেন, "নতুন মন্ত্রীসভার আসল ঐতিহাসিক দিক এর সমকামী প্রধানমন্ত্রী নন, বরং এবারই দেশটির ইতিহাসে ক্যাবিনেটে প্রথমবারের মতো সমানসংখ্যক পুরুষ ও নারী সদস্য রয়েছেন।" বিবিসিকে হেলগেসন বলেন, "আমি মনে করি না তার যৌন পছন্দ নিয়ে ভোটারদের কোনো মাথাব্যথা আছে। আামদের ভোটাররা খুবই উদার। এতে তাদের কিছু আসে যায় না।" তবে ব্রাসেলসে ইন্টারন্যাশনাল গে অ্যান্ড লেসবিয়ান অ্যাসোসিয়েশন এর জুরিস লাভরিকভস বলেন, ইউরোপের সব দেশই এত সহনশীল নয়। পূর্ব ও পশ্চিম ইউরোপের মধ্যে অনেক তফাত রয়েছে। তিনি বলেন, "পশ্চিম ইউরোপে গত পঞ্চাশ বছরে যেসব সামাজিক পরিবর্তন হয়েছে তা থেকে সাবেক সোভিয়েত দেশগুলো বিচ্ছিন্ন ছিল।" তবে লাটভিয়ার মানুষ জুরিস লাভরিকভস বলেন, সেখানেও পরিবর্তনের হাওয়া লাগছে। লাটভিয়াতে রাজনৈতিক দলগুলো ইদানিং সমকামী বা হিজড়াদের গোষ্ঠীগুলোর মধ্য থেকে প্রার্থী দেওয়ার ব্যাপারে তাদের সঙ্গে কথা বলছে। তবে উদারতর পশ্চিম ইউরোপেও এখনো কোনো রাজনীতিক সমকামিতার কথা প্রকাশ করলে তা শিরোনাম হয়। গত সপ্তাহেই ফ্রান্সের সংসদীয় সম্পর্ক বিষয়ক মন্ত্রী রজার কারুশি তার সমকামিতার কথা প্রকাশ করেন। কারুশি বলেন, তিনি তার পুরুষ সঙ্গী নিয়ে সুখী এবং তা গোপন করার কোনো কারণ দেখেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/১৩১২ঘ.