ব্যাংকক, ফ্রেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অভিসিৎ ভেজ্জাজিভা রোববার বিক্ষোভকারীদের নতুন নির্বাচন দেওয়ার দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, সরকার বিক্ষোভকারীদের দাবির মুখে নতিস্বীকার করে ১৫ দিনের মধ্যে নতুন জাতীয় নির্বাচন দেবে না।
গত শনিবার প্রায় ৩০ হাজার মানুষের এক সমাবেশ থেকে 'ইউনাইটেড ফ্রন্ট ফর ডেমোক্র্যাসি এগেইনস্ট ডিকটেটরশিপ' বা (ইউডিডি)'র বিক্ষোভকারীরা আরও দাবি করেছে, পররাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করতে হবে এবং গত নভেম্বরে ব্যাংকক বিমানবন্দর অবরোধকারী বিরোধী নেতাদের বিচার করতে হবে।
সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরে ব্যাংকক বিমানবন্দরে প্রধানমন্ত্রী অভিসিৎ বলেন, "তারা ১৫ দিনের মধ্যে এই সব কাজ করার দাবি করতে পারে না। কেননা কিছু কিছু ইস্যুর সুরাহা করতে সময় লাগবে।"
বিমানবন্দর অবরোধকারী 'পিপলস অ্যালায়েন্স ফর ডেমোক্র্যাসি' বা (পিএডি)'র অনুগত নেতাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার বিষয়টি ইঙ্গিত করে তিনি একথা বলেন।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে সমর্থনকারী ইউডিডি নেতারা জানিয়েছেন, দাবি পূরণ না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে যাবেন।
ইউডিডি অভিযোগ করেছে, প্রধানমন্ত্রী অভিসিৎ সেনাবাহিনী এবং পিএডি হাতের পুতুল হয়ে যাচ্ছেন। তবে অভিসিৎ এই অভিযোগ অস্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৫০ ঘ.
bdnews24