রামাদি, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- ইরাকে রামাদিতে বুধবার দুদফা আত্মঘাতী বোমা হামলায় অন্ততপক্ষে ২৪ জন নিহত এবং প্রাদেশিক গভর্নরসহ ১০৫ জন আহত হওয়া ছাড়াও রাস্তার ধারে পেতে রাখা বোমা বিস্ফোরণে ৭ শিয়া মুসলিম নিহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে।
বাগদাদের ১০০ কিলোমিটার পশ্চিমে রামাদি শহরের কেন্দ্রস্থলে একটি গাড়িতে প্রথম বোমাটি বিস্ফোরিত হয় বলে জানিয়েছেন পুলিশ কর্নেল জব্বার আজাজ। এর একটু পরই কাছাকাছি এলাকায় আরেকটি আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয়।
আহতদের অনেকেই ইরাকি নিরাপত্তা বাহিনীর সদস্য বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, বাগদাদের ৮০ কিলোমিটার উত্তরে খালিস এলাকায় পৃথক আরেকটি ঘটনায় রাস্তার ধারে পেতে রাখা বোমা বিস্ফোরণে আশুরা শেষে ফেরার পথে নিহত হয়েছে ৭ শিয়া মুসলিম। পুলিশ একথা জানিয়েছে।
আনবার প্রদেশের গভর্নর কাশিম হামলায় মারাত্মকভাবে আহত হয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল সূত্র। কাশিমের গাড়িবহরের কাছে প্রথম বোমাটি বিস্ফোরিত হয় বলে জানিয়েছে পুলিশ।
রামাদি হাসপাতালের একটি সূত্র জানায়, ২য় বোমাটি বিস্ফারণের সময় কাশিম বিস্ফোরণস্থলের ক্ষয়ক্ষতি পরিদর্শনে ছিলেন।
ইরাকিয়া টেলিভিশন বলেছে, বোমা হামলাকারী গভর্নরের দেহরক্ষী ছিল।
গভর্নর কাশিম ও অন্যান্য উর্ধ্বতন সরকারি কর্মকর্তারাই হামলার লক্ষ্য ছিল বলে মনে করা হচ্ছে। আল আরব টেলিভিশন প্রাথমিক খবরে কাশিম মোহম্মদের নিহত হওয়ার খবর প্রচার করে।
কিস্তু পরবর্তীতে আনবারের ডেপুটি গভর্নর হিকমত খালাফ ফোনে জানান, কাশিম জীবীত আছেন এবং তাকে চিকিৎসার জন্য বাগদাদে নেওয়া হয়েছে।
আনবারের প্রাদেশিক কাউন্সিলের প্রধান জসীম মোহ্ম্মদও কাশিম জীবীত বলে জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৩২ ঘ.
bdnews24