২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বড়দিনে ভ্যাটিক্যানে আক্রান্ত পোপ

খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনে ভ্যাটিকানে আক্রান্ত হয়েছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ষোড়শ বেনেডিক্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2009, 06:39 AM

Updated : 26 Aug 2022, 12:32 PM

ভ্যাটিকান সিটি, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনে ভ্যাটিকানে আক্রান্ত হয়েছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ষোড়শ বেনেডিক্ট। সেন্ট পিটার্স ব্যাসিলিকায় বড়দিনের শুভেচ্ছা বিনিময়ের সময় বৃহস্পতিবার এক নারী পোপের ওপর চড়াও হয়ে তাকে টেনে মাটিতে ফেলে দেয়। এতে ৮২ বছর বয়সী পোপ অক্ষত থাকলেও আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক কার্ডিনাল। হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। টেলিভিশনের চিত্রে দেখা যায়, বড়দিনের অনুষ্ঠানের জন্য পোপ যখন মঞ্চের দিকে এগোচ্ছিলেন, তখন সমবেত খ্রিস্টানদের মধ্য থেকে লাল রংয়ের পোশাক পরা এক নারী কাঠের প্রাচীর টপকে পোপের ওপর চড়াও হয়। হামলকারী পোপের জামা ধরে তাকে টেনে মেঝেতে শুইয়ে ফেলে। ওই সময় মেঝেতে পড়ে ফরাসি কার্ডিনাল রজার এচেগারে (৮৭) আহত হন। তবে ওই ঘটনার পরও পোপ শান্ত ছিলেন এবং দুই ঘণ্টার ওই অনুষ্ঠানটি শেষ করেন। অনুষ্ঠানে তিনি যীশু খ্রিস্টের জন্মগ্রহণের কাহিনী বর্ণনা করে দৈনন্দিন জীবনের জটিলতা ও বোঝা থেকে বেরিয়ে ঈশ্বরের দেখানো পথে চলতে ক্যাথলিকদের প্রতি আহ্বান জানান। এদিকে ভ্যাটিকানের মুখপাত্র ফাদার ফেডেরিকো লোমবারদি জানান, হামলাকারী ওই নারী 'মানসিক ভারসাম্যহীন'। তিনি বলেন, একই নারী গত বছর বড়দিনের উৎসবে প্রাচীর টপকে পোপের কাছে যাওয়ার চেষ্টা করেছিলেন। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করলেও ওই নারীর পরিচয় প্রকাশ করেনি। ২০০৫ সালে পোপ নির্বাচিত হওয়ার পর ষোড়শ বেনেডিক্ট পঞ্চম বারের মতো বড়দিনের উৎসবের নেতৃত্ব দিচ্ছেন এবার। পোপ দ্বিতীয় জন পলের মৃত্যুর পর ষোড়শ বেনেডিক্ট নাম নিয়ে পোপ নির্বাচিত জার্মানির যোসেফ র‌্যাটজিঙ্গার। এবারই প্রথম মধ্যরাতের দুঘণ্টা আগে বড়দিনের উৎসব শুরু হয়। শুক্রবার দুপুরে বড়দিনের প্রধান উৎসবের আগে পোপ যাতে বিশ্রাম নেওয়ার জন্য একটু বেশি সময় পান, তাই এটি করা হয়েছে। সেন্ট পিটার্স ব্যাসিলিকায় ঢোকার সময়ে সবাইকে তল্লাশি করা হয়। তবে ভেতরে নিরাপত্তার কড়াকড়ি তেমন থাকে না। বৃহস্পতিবারের ঘটনার পর ভ্যাটিকানের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নের মুখে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, সাধারণ মানুষের কাছাকাছি যেতে চাইলে পোপের জীবন কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে- তা আবার দেখা গেলো। তবে এর আগেও বিভিন্ন সময় এ ধরনের ঘটনা ঘটেছে। ২০০৭ সালে জার্মানির এক ব্যক্তি ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে প্রাচীর টপকে বর্তমান পোপের গাড়িতে ওঠার চেষ্টা চালায়। তবে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে ১৯৮১ সালে। সে সময় এই একই স্থানে তুরস্কের মেহমেট আলি আগকা নামে এক বন্দুকধারী পোপ দ্বিতীয় জন পলকে গুলি করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এমআই/১২৩০ ঘ.