সানা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইয়েমেন ও বিদেশি তেলক্ষেত্রগুলোতে হামলার পরিকল্পনারত ৩০ জন আল কায়েদা জঙ্গিকে বিমান হামলা চালিয়ে হত্যার দাবি করেছে দেশটি। বৃহস্পতিবার এক নিরাপত্তা কর্মকর্তা একথা জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে ইয়েমেনি কর্মকর্তা জানান, পূর্বাঞ্চলের শাবওয়া প্রদেশে ওই বিমান হামলা চালানো হয়েছে। জঙ্গিরা এক বৈঠকে অংশ নেওয়ার জন্য সমবেত হলে তাদের ওপর হামলা চালানো হয়।
তিনি আরও জানান, হামলায় আরব উপদ্বীপের দুই শীর্ষ আল কায়েদা সদস্য নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি বলেন, "শীর্ষ নেতাদের দুজন নিহত হয়েছে কিনা সে বিষয়ে এখনও আমরা নিশ্চিত না। এদের একজন সৌদি আল কায়েদা সদস্য নাসের আল ওয়াহেসি।"
তবে বৃহস্পতিবার আরও হামলা চালানো হবে কি না তা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।
ইয়েমেনের সুপ্রিম সিকিউরিটি কমিটি একটি সতর্কতা জারি করে শাবওয়াহ প্রদেশের জনগণকে জঙ্গিদের আশ্রয় দিতে নিষেধ করেছে।
স
bdnews24