লন্ডন, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জলবায়ু বিষয়ক একটি চুক্তি হতে না দিতে চীন, সুদান এবং বলিভিয়াসহ ল্যাতিন আমেরিকার বামপন্থি দেশগুলো জাতিসংঘ সম্মেলন ছিনতাই করার চেষ্টা করে বলে অভিযোগ করেছেন ব্রিটিশ পরিবেশমন্ত্রী এড মিলিব্যান্ড। সোমবার 'দ্য গার্ডিয়ান' এ প্রকাশিত এক নিবন্ধে একথা বলেছেন তিনি।
কোপেনহেগেন সম্মেলন শেষপর্যন্ত যুক্তরাষ্ট্রের নেতৃত্বে করা একটি অবাধ্যবাধকতামূলক চুক্তি মেনে নেওয়ার মাধ্যমে শনিবার শেষ হয়। সবদেশ এতে স্বাক্ষর না করে শুধু মেনে নেওয়ার সম্মতি দেয়।
মিলিব্যান্ড বলেন, ব্রিটেন স্পষ্ট ভাষায় জানাতে চায়, যে দেশগুলো একটি বাধ্যবাধকতামূলক চুক্তিতে পৌঁছার বিরোধিতা করেছে, "বৈশ্বিক অগ্রগতিতে আর তাদের বাধা দেওয়ার সুযোগ দেওয়া হবে না।"
তিনি বলেন, "আমরা জলবায়ু সমস্যার মূলবিষয়গুলো আলোচনার মাধ্যমে এভাবে ছিনতাই করার আর সুযোগ দেবো না।"
"২০৫০ সালের মধ্যে বৈশ্বিক কার্বন নির্গমন ৫০ ভাগ অর্থাৎ উন্নত দেশের ৮০ ভাগ নির্গমণ কমানোর বিষয়ে চুক্তি সম্পন্ন করতে পারিনি।" স্বীকার করেন মিলিব্যান্ড।
ব্রিটিশ এ মন্ত্রী আরোও বলেন, "উন্নত দেশ এবং উন্নয়নশীল দেশের বেশিরভাগ প্রস্তাবে রাজি থাকা সত্ত্বেও চীন এতে ভেটো দেয়।"
গার্ডিয়ানের নিবন্ধে মিলিব্যান্ড শুধু চীনের কথা লিখলেও তার এক সহযোগী জানান, সুদান, ভেনেজুয়েলা, বলিভিয়া, নিকারাগুয়া এবং কিউবাও এতে ভেটো দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৪০০ ঘ.
bdnews24