২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোপেনহেগেন জলবায়ু লড়াইয়ের পথ সুগম করেছে: ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা কোপেনহেগেনের আন্তর্জাতিক চুক্তিকে 'গুরুত্বপূর্ণ অগ্রগতি' উল্লেখ করে শনিবার বলেছেন, এটি জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবেলায় ব্যবস্থা নেওয়ার পথ সুগম করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2009, 12:18 PM

Updated : 26 Aug 2022, 12:31 PM

ওয়াশিংটন, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা কোপেনহেগেনের আন্তর্জাতিক চুক্তিকে 'গুরুত্বপূর্ণ অগ্রগতি' উল্লেখ করে শনিবার বলেছেন, এটি জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবেলায় ব্যবস্থা নেওয়ার পথ সুগম করেছে। তবে তিনি বলেন, বিশ্বব্যাপী কার্বন নির্গমন হ্রাসের ক্ষেত্রে এটি একটি ধাপ মাত্র। ডেনমার্কের রাজধানী থেকে ফিরে ওবামা এক বিবৃতিতে বলেন, "ইতিহাসে এই প্রথম বিশ্বের সব বড় বড় অর্থনীতির দেশগুলো জলবায়ু পরিবর্তনের হুমকি মোকবেলায় ব্যবস্থা গ্রহণের দায়ভার মেনে নিতে একযোগে বৈঠকে বসেছে।" জলবায়ু সম্মেলনে ধনী ও উন্নয়নশীল দেশগুলোর মতানৈক্যের কারণে আলোচনা জটিল আকার ধারণ করায় শেষ পর্যন্ত প্রকৃত লক্ষ্য অর্জন ছাড়াই ন্যূনতম একটি সমঝোতার মধ্য দিয়ে আলোচনা শেষ হয়। আলোচনায় জটিলতার কথা স্বীকার করে ওবামা বলেন, "চরম কঠিন ও জটিল আলোচনার পর ওই উল্লেখযোগ্য আগ্রগতি আগামী বছরগুলোতে জলবায়ু পরিবর্তন রোধের লড়াইয়ে আন্তর্জাতিক পর্যায়ে ব্যবস্থা গ্রহণের পট প্রস্তুত করেছে।" তিনি আরও বলেন, কোপেনহেগেনে আমরা যে চুক্তি করেছি তার ভিত্তিতে সামনে এগিয়ে আমাদেরকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে কার্বন নির্গমন উল্লেখযোগ্য মাত্রায় কমানোর জন্য আন্তর্জাতিকভাবে কার্যকর ও যথেষ্ট ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮১৭ ঘ.