২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের প্রস্তাব হাস্যকর: শাভেজ

জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে যুক্তরাষ্ট্রের ১ হাজার কোটি ডলার দেওয়ার প্রস্তাবকে হাস্যকর বলে অভিহিত করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2009, 05:10 AM

Updated : 26 Aug 2022, 12:30 PM

কোপেনহেগেন, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে যুক্তরাষ্ট্রের ১ হাজার কোটি ডলার দেওয়ার প্রস্তাবকে হাস্যকর বলে অভিহিত করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ। তিনি শুক্রবার কোপেনহেগেন সম্মেলনে বলেছেন, যুক্তরাষ্ট্র যেখানে নিজের দেশের দুর্দশাগ্রস্ত ব্যাংকগুলোকে ৭০ হাজার কোটি ডলার দিচ্ছে, সেখানে জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ১ হাজার কোটি ডলার দেওয়ার প্রস্তাব খুবই হাস্যকর। বিশ্বের কার্বন নির্গমনকারী শীর্ষ দেশ যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করে দক্ষিণ আমেরিকার এ রাষ্ট্রনায়ক বলেন, যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় দূষণকারী। জলবায়ু পরিবর্তনের ফলে জীবনহানির জন্য তারাই দায়ী। এ এক ধরনের গণহত্যা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা কোপেনহেগেন সম্মেলনের শেষ দিনে যোগ দিয়ে ভারত, দক্ষিণ আফ্রিকা এবং চীনের নেতাদের সঙ্গে শেষ মুহূর্তে একটি সমঝোতায় পৌঁছেছেন। তারা ধনী ও গরিব দেশগুলো বিশ্বের গড় তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখতে গ্রিনহাউস গ্যাসের নির্গমন হ্রাস, একটি 'অর্থায়ন কৌশল' এবং এ ব্যাপারে তাদের পদক্ষেপ বাস্তবায়নের তথ্য বিনিময়ে সম্মত হয়েছে। ওবামার সম্মেলনে যোগ দেওয়ার পরই বক্তব্য দেন শাভেজ। তিনি বলেন, "সম্রাট (ওমাবা) এলেন মধ্যরাতে, অন্ধকারের মধ্যে। এরপর সবাইকে পাশ কাটিয়ে অগণতান্ত্রিক উপায়ে একটি চুক্তি চাপিয়ে দিতে চাইছেন। এটা অগ্রহণযোগ্য।" সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিও বুশের কড়া সমালোচক ছিলেন শাভেজ। ২০০৬ সালে জাতিসংঘের এক সম্মেলনে বুশের উপস্থিতিতে তিনি বলেছিলেন, "আমি এখানে সালফারের (বিস্ফোরক তৈরির উপাদান) গন্ধ পাচ্ছি।" "আমি এখনো সালফারের গন্ধ পাচ্ছি", কোপেনহেগেন সম্মেলনেও বলেন শাভেজ। এবারে শান্তিতে বারাক ওবামার নোবেল জয়েরও কড়া সমালোচনা করেছিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। তিনি বলেন, শান্তি নয়, যুদ্ধের জন্য নোবেল পেয়েছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১১০০ ঘ.