কোপেনহেগেন, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু এবং দারিদ্র্য মোকাবেলার লড়াইয়ে সহায়তা করতে চীন বায়ু ও সৌর প্রযুক্তির কম ব্যয়বহুল রপ্তানীর মধ্য দিয়ে শক্তিশালী ভূমিকা রাখতে পারে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)'র প্রধান হেলেন ক্লার্ক একথা বলেছেন।
কোপেনহেগেনে জলবায়ু সম্মেলনের ফাঁকে হেলেন ক্লার্ক রয়টার্সকে বলেন, আমাদের সময়ে জলবায়ু পরিবর্তনটা কেবল একমাত্র প্রধান চ্যালেঞ্জই নয় বরং এটি একটি বড় ধরনের উন্নয়ন ইস্যু।
ক্লার্ক বলেন, "আমাদেরকে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে সামগ্রিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে এগুতে হবে। এক্ষেত্রে চীন নতুন পরিবেশবান্ধব প্রযুক্তি (যেমন, বায়ু চালিত ইঞ্জিন, সোলার প্যানেল ও অন্যান্য কম কার্বন-নির্গমন প্রযুক্তি) রপ্তানী করে বড় ধরনের সহায়ক ভূমিকা রাখতে পারে।"
তিনি বলেন, "চীন প্রতিযোগিতামূলক দামে এ সমস্ত পণ্য রপ্তানী করতে মনস্থির করলে তারা সত্যিই খুব প্রভাবশালী হয়ে উঠবে বলে আমি মনে করি। তারা ইতোমধ্যেই বড় ধরনের বায়ুশক্তি রপ্তানীকারক দেশ হয়ে উঠেছে।"
নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ক্লার্ক আরও বলেন, "চীন আগের চেয়ে আরও সস্তায় এবং ব্যাপকভাবে পরিবেশবন্ধব প্রযুক্তি উৎপাদন ও রপ্তানী করতে সক্ষম।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০০৭ ঘ.
bdnews24