২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুবাইকে ১০ বিলিয়ন ডলারের আকস্মিক সাহায্য আবুধাবির

প্রতিবেশী দুবাইয়ের ঋণ জর্জরিত বহুল আলোচিত 'দুবাই ওয়ার্ল্ড' কোম্পানিকে ঋণ পরিশোধে আবুধাবি সোমবার আকস্মিকভাবে ১০ বিলিয়ন ডলার সাহায্য দিয়েছে। এর ফলে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শেয়ার বাজারগুলো আবার চাঙ্গা হয়ে উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2009, 01:31 PM

Updated : 26 Aug 2022, 12:29 PM

দুবাই, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রতিবেশী দুবাইয়ের ঋণ জর্জরিত বহুল আলোচিত 'দুবাই ওয়ার্ল্ড' কোম্পানিকে ঋণ পরিশোধে আবুধাবি সোমবার আকস্মিকভাবে ১০ বিলিয়ন ডলার সাহায্য দিয়েছে। এর ফলে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শেয়ার বাজারগুলো আবার চাঙ্গা হয়ে উঠেছে। দুবাই সরকার বলেছে, তারা এই অর্থের ৪ দশমিক ১ বিলিয়ন ডলার বরাদ্দ করেছে ওই কোম্পানির প্রপার্টি ডেভেলপার 'নাখীল'এর ইসলামিক বণ্ডের মূল্য পরিশোধের জন্য। সোমবারই এই বণ্ডের মেয়াদ উত্তীর্ণ হচ্ছে। নাখীল জানিয়েছে, আগামী দুই সপ্তাহ ধরে তারা বিনিয়োগকারীদের এই বণ্ডের মূল্য পরিশোধ করবে। আর বাদবাকী অর্থ ব্যয় করা হবে রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ কোম্পানী দুবাই ওয়ার্ল্ডের সাহায্যার্থে। বিশ্ব অর্থনৈতিক মন্দায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দুবাই। এর মধ্যে হঠাৎ আবুধাবি থেকে সহায়তার এ ঘোষণায় সংযুক্ত আরব আমিরাতের শেয়ার বাজারগুলো আবার চাঙ্গা হয়ে ওঠে। দুবাইয়ের প্রধান শেয়ার সূচক বেড়ে ১০ শতাংশের ওপরে চলে যায়। ওদিকে, আবুধাবিতে শেয়ার সূচক ৭ শতাংশ বেড়ে যায়। গত ২৫ নভেম্বরে দুবাই সরকার বলেছিল, তারা বিনিয়োগকারীদের দুবাই ওয়ার্ল্ডের ২৬ বিলিয়ন ডলার ঋণ পরিশোধ বন্ধের জন্য বলবে। সোমবার এক বিবৃতিতে দুবাইয়ের সর্বোচ্চ আর্থিক কমিটির চেয়ারম্যান শেখ আহমেদ বিন সাঈদ আল মাকতুম বলেন, "আবুধাবি সরকার দুবাই ফিনান্সিয়াল সাপোর্ট ফান্ডকে ১০ বিলিয়ন ডলার অর্থ সহায়তা দিতে রাজি হয়েছে, যা দুবাই ওয়ার্ল্ডের ঋণসহ বেশকিছু বাধ্যবাধকতা পালনে ব্যয় হবে।" বাঙ্ক এ সৌদি-ক্রেডিট এগ্রিকোলের প্রধান অর্থনীতিবিদ জন সাকিনাকিস বলেন, এটি অপ্রত্যাশিত। বাজারে যখন প্রকৃতই অর্থ প্রয়োজন ঠিক সে সময়ে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য সাহায্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮২৮ ঘ.