সিউল, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কোরীয় যুদ্ধের ভেঙে পড়া সাময়িক যুদ্ধবিরতি চুক্তির জায়গায় একটি স্থায়ী শান্তি চুক্তির জন্য নতুন করে চতুর্পক্ষীয় আলোচনা শুরু করতে রাজি হয়েছে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র। দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ বার্তা সংস্থা একথা জানিয়েছে।
দক্ষিণ কোরিয়ার সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ইয়োনহাপ জানিয়েছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিফেন বোসওয়ার্থ উত্তর কোরিয়া সফরের পর দুই দেশ শান্তি আলোচনা শুরু করতে রাজি হয়েছে।
দক্ষিণ কোরিয়ার নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা ইয়োনহাপ বার্তা সংস্থাকে বলেছেন, নিরস্ত্রীকরণ আলোচনা পুনরায় শুরু করতে একবার সরকারি চুক্তি হওয়ার পর দুপক্ষ ৪ পক্ষীয় আলোচনা শুরু করতে রাজি হয়েছে বলে আমি মনে করি।
কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ইয়োনহাপ জানায়, উত্তর কোরিয়াই বিষয়টি ৪ পক্ষীয় আলোচনা কাঠামোর আওতায় আলোচনা করার অনুরোধ জানায়।
শুক্রবার বোসওয়ার্থের সঙ্গে আলোচনার পর উত্তর কোরিয়া পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘদিন অচল হয়ে থাকা ছয়জাতি আলোচনা নতুন করে শুরুর ইঙ্গিত দেয়।
১৯৫০-৫৩ সালে দুই কোরিয়ার মধ্যকার সাময়িক যুদ্ধবিরতির পরও দুপক্ষ কার্যত যুদ্ধের মধ্যেই আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৩২ ঘ.
bdnews24