ওয়াশিংটন, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তরপশ্চিম পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় আল কায়েদার এক ঊর্ধ্বতন নেতা নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার বিরুদ্ধে পাক-আফগান সীমান্তে হামলা চালানোর পরিকল্পনার অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী এক কর্মকর্তা শুক্রবার একথা বলেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ঊর্ধ্বতন আল-কায়েদা নেতা সালেহ আল সোমালি নিহত হওয়ার স্পষ্ট আলামত আছে।
কর্মকর্তা বলেন, আল সোমালি আল কায়েদার ক্যাডার। তিনি যুক্তরাষ্ট্র ও ইউরোপসহ বিশ্বব্যাপী হামলার পরিকল্পনা করেছিলেন।
তিনি আল কায়েদার শীর্ষ নেতাদের কাছ থেকে নির্দেশনা নিয়ে সন্ত্রাসী হামলার ব্লুপ্রিন্ট তৈরি করেছিলেন। কর্মকর্তা একথা বলেছেন।
কর্মকর্তা আরও বলেন, আল সোমালি পাকিস্তান ভিত্তিক অন্যান্য জঙ্গিদের সঙ্গে যোগযোগ রক্ষা করতেন এবং আল কায়েদার প্রচারণা অভিযানেও জড়িত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭১২ ঘ.
bdnews24