ইয়াঙ্গুন, ডিসেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারের গৃহবন্দি বিরোধীদলীয় নেত্রীকে 'অসৎ' আখ্যা দিয়েছে জান্তা সরকার। সামরিক নেতাদের সঙ্গে সু চির বৈঠকের প্রস্তাব এবং পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য চাপ দেওয়ার ব্যাপারে তিনি আন্তরিক এবং সৎ নন। মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম বুধবার একথা বলেছে।
রাষ্ট্রপরিচালিত তিনটি পত্রিকায় প্রকাশিত মন্তব্যে প্রতিবেদনে বলা হয়েছে, গৃহবন্দি সু চি সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছিলেন এবং তার আচরণ অত্যন্ত প্রশ্নসাপেক্ষ।
সু চি ১১ নভেম্বরের একটি চিঠিতে জান্তা নেতা জেনারেল থান শয়ের সঙ্গে বৈঠক করার অনুরোধ জানিয়েছিলেন। দেশের স্বার্থে সরকারের সঙ্গে কাজ করতে চান বলে জানান তিনি।
২৫ সেপ্টেম্বরে আরও একটি চিঠিতে তিনি মিয়ানমারের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার স্বার্থে জান্তা নেতা এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে বৈঠক করার ইচ্ছা প্রকাশ করেন।
কিন্তু ভারত ও চীনের সঙ্গে মিয়ানমারের জান্তা সরকারের বাণিজ্যের কারণে সু চির এই প্রচেষ্টা কাজে আসেনি বলে মন্তব্য
করেছেন সমালোচকরা।
মিয়ানমারের নিউ লাইট পত্রিকা এক মন্তব্যে বলেছে, "তার সব চিঠি অসততারই বহিঃপ্রকাশ। এর উদ্দেশ্য ক্ষমতাসীন সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করা, সব দোষ সরকারের ঘাড়ে দেওয়া।"
সু চির চিঠি নিয়ে মিয়ানমার জান্তার এটিই প্রথম প্রতিক্রিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৩৬ঘ.
bdnews24